logo
Advertisement

ছাত্রলীগের কমিটি গঠনের উদ্যোগ, শেখ মুজিবের প্রতিকৃতি ভাঙল ছাত্রদল

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজজাবিপ্রবি
ছাত্রলীগের কমিটি গঠনের উদ্যোগ, শেখ মুজিবের প্রতিকৃতি ভাঙল ছাত্রদল
ছবি: এশিয়া পোস্ট

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নতুন কমিটি গঠনের উদ্যোগের প্রতিবাদে শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও আওয়ামী লীগ নেতা মির্জা আজমের প্রতিকৃতি ভেঙে অপসারণ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (৩ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ এবং সদস্যসচিব যীনাত মিয়া আজিজুলের নেতৃত্বে ক্যাম্পাসের প্রবেশমুখে থাকা এসব প্রতিকৃতি ভাঙা হয়।

ছাত্রদলের নেতারা জানান, গত ২৫ জুলাই আগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের লক্ষ্যে জীবনবৃত্তান্ত (সিভি) আহ্বান করে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ। ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের এমন তৎপরতার প্রতিবাদেই জাবিপ্রবি ছাত্রদল এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। মিছিলটি ক্যাম্পাসের ‘বিজয়-২৪’ হল থেকে শুরু হয়ে প্রধান ফটক প্রদক্ষিণ করে। এ সময় নেতা-কর্মীরা ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘ছাত্রলীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশপথে স্থাপিত শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও মির্জা আজমের প্রতিকৃতি ভেঙে অপসারণ করেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ এবং সদস্যসচিব যীনাত মিয়া আজিজুল বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দুই বছর পরও ক্যাম্পাসে এসব প্রতিকৃতি বহাল থাকাটা অনাকাঙ্ক্ষিত। স্বৈরাচারবিরোধী চেতনার সঙ্গে সামঞ্জস্য রেখেই ক্যাম্পাস থেকে এসব প্রতিকৃতি অপসারণ করা হয়েছে।

তারা আরও বলেন, ক্যাম্পাসে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ এবং তাদের দোসরদের ন্যূনতম ছাড় দেওয়া হবে না; প্রয়োজনে ছাত্রদল আরও কঠোর কর্মসূচিতে যাবে।