জবিতে লোক প্রশাসন অ্যালামনাই কমিটি গঠন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লোক প্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থীদের নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি, পেশাগত ও সামাজিক সম্পর্ক জোরদার এবং বিভাগের একাডেমিক ও উন্নয়নমূলক কার্যক্রমে সাবেক শিক্ষার্থীদের সম্পৃক্ত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) লোক প্রশাসন বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এক সভায় বিভাগের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের সাজ্জাদুল ইসলাম মোল্লাকে সভাপতি এবং ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের মো. মুহিব্বুল্লাহকে সাধারণ সম্পাদক করে সংগঠনটির প্রাথমিক কমিটি গঠন করা হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি সাজ্জাদুল ইসলাম মোল্লা বলেন, বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করাই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অন্যতম প্রধান লক্ষ্য। একই সঙ্গে বিভাগের উন্নয়ন ও অগ্রগতিতে অ্যালামনাইদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হবে।
সাধারণ সম্পাদক মো. মুহিব্বুল্লাহ বলেন, অ্যালামনাইদের জন্য একটি কার্যকর ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে সংগঠনটি কাজ করবে। বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীদের একত্র করার পাশাপাশি তাদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে বর্তমান শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন, উচ্চশিক্ষা ও পেশাগত জীবনে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
এ ছাড়াও ভবিষ্যতে বিভাগের সব ব্যাচের অ্যালামনাইদের সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নঈম আকতার সিদ্দিক জানান, বিভাগের সাবেক শিক্ষার্থীদের নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। সাবেক শিক্ষার্থীরা নিজ নিজ কর্মক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে বিভাগের বর্তমান শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ সংগঠনের মাধ্যমে সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং বিভাগের শিক্ষকদের মধ্যে যোগাযোগ আরও দৃঢ় হবে। পাশাপাশি বিভাগের একাডেমিক কার্যক্রম, গবেষণা ও সামগ্রিক উন্নয়নে অ্যালামনাইদের অংশগ্রহণের সুযোগ তৈরি হবে বলেও জানান তিনি।
প্রাথমিক কমিটিতে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের মোহাম্মদ আলী এবং ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের মো. মাহিদুল ইসলামকে সহসভাপতি, ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের মো. সালমান সোহেলকে যুগ্ম সাধারণ সম্পাদক, ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের মাহবুবুল আলম হাদীকে সাংগঠনিক সম্পাদক এবং ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের আবু সুফিয়ানকে কোষাধ্যক্ষ করা হয়েছে।
এ ছাড়া কমিটির সদস্য হিসেবে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের শাকিলা আক্তার, ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের আজহারুল ইসলাম, ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের মো. জসীম উদ্দিন, ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের আব্দুল জলিল ও মো. মেহেদী হাসান, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের মাইকুল ইসলাম জিহাদ, মো. আব্দুর রহমান আরাফাত, মো. ইয়ামিন ও মো. আরিফুর রহমান, এবং ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ইউছুব ওসমান ও মো. মেহেদী হাসান রয়েছেন।
পরবর্তী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।



