Advertisement

রাবিতে শিক্ষার্থী মারধরের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি

এশিয়া পোস্ট নিউজ, রাজশাহী
রাবিতে শিক্ষার্থী মারধরের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে সোমবার শিক্ষার্থীদের মারধর করা হয়। ছবি: এশিয়া পোস্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টর দপ্তর ও কেন্দ্রীয় গ্রন্থাগারে শিক্ষার্থী মারধরের ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিমকে আহ্বায়ক করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম ছাদিক, ম্যাটেরিয়ালস সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুল হক, দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম এবং ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. এ নাঈম ফারুকী।

গঠিত এই কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে সুপারিশসহ প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল সোমবার (২৭ জুলাই) এক নারী শিক্ষার্থীর অভিযোগকে কেন্দ্র করে প্রক্টর দপ্তরে আলোচনার একপর্যায়ে এক শিক্ষার্থীকে ছাত্রলীগ কর্মী আখ্যা দিয়ে মারধরের অভিযোগ ওঠে। পরে রাকসু ভবনে তিন শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটে। এর জেরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাঠাগারে প্রবেশ করে সাধারণ শিক্ষার্থীদের বেধড়ক পেটানোর ঘটনা ঘটে। ক্যাম্পাসে বিরাজমান উত্তেজনা প্রশমন ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতেই এই প্রশাসনিক তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।