logo
Advertisement

প্লাস্টিকের বোতল দিলেই মিলছে গাছের চারা

প্লাস্টিকের বোতল দিলেই মিলছে গাছের চারা
খুবিতে গাছের চারা বিতরণ কর্মসূচিতে শিক্ষার্থীরা। ছবি: এশিয়া পোস্ট

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ক্লাবের উদ্যোগে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। কর্মসূচিতে ঔষধি, ফুল ও ফলের বিভিন্ন প্রজাতির চারা দেওয়া হয়। এ কর্মসূচি শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে দুই দিনব্যাপী এ গিভ অ্যান্ড টেক কর্মসূচির উদ্বোধন করেন খুবি উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য ড. মো. রেজাউল করিম বলেন, আমি এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছিলাম। প্লাস্টিক পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনার পাশাপাশি বৃক্ষরোপণ কার্যক্রমও চলমান রাখতে হবে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে অনেক গাছ লাগানো হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

গাছ নেওয়ার সময় এক শিক্ষার্থী জানান, ব্যবহৃত প্লাস্টিক বোতল জমা দিয়ে গাছের চারা নেওয়ার উদ্যোগটি খুবই ভালো লেগেছে। এতে একদিকে প্লাস্টিকের সঠিক ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন হওয়া যাচ্ছে, অন্যদিকে নিজের হাতে একটি গাছ লাগানোর সুযোগও তৈরি হচ্ছে।

ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ক্লাবের সভাপতি আসিফ মাহমুদ জানান, আমাদের উদ্দেশ্য হলো মানুষকে প্লাস্টিক ব্যবহারের ঝুঁকি সম্পর্কে সচেতন করা। একই সঙ্গে গাছের চারা বিতরণের মাধ্যমে পরিবেশের জন্য বৃক্ষের গুরুত্ব তুলে ধরা। বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় বেশি বেশি বৃক্ষরোপণ প্রয়োজন। গত বছরে আমরা ১৫ শতাধিক গাছের চারা বিতরণ করেছিলাম। এবারও দুই হাজারের অধিক চারা বিতরণের আশা করছি।