logo

‘বিদায় চেসি, তোমাকে আমরা মনে রাখব’

‘বিদায় চেসি, তোমাকে আমরা মনে রাখব’
রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরা। ছবি : ফেসবুক থেকে পাওয়া

পূজার দাওয়াত খেয়ে ক্যাম্পাসে ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী চেসি ত্রিপুরা মারা গেছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১১টা ৭ মিনিটে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাত সাড়ে ১২টার দিকে চেসি ত্রিপুরার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক এ এইচ এম খুরশীদ আলম।

তিনি বলেন, ‘আমাদের শিক্ষার্থী চেসি ত্রিপুরা আজ রাত ১১টা ৭ মিনিটে আমাদের ছেড়ে চলে গেছেন। চিকিৎসকেরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।’

চেসি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলায়।

এর আগে গত সোমবার (১৯ অক্টোবর) এক বান্ধবীর বাসায় পূজার দাওয়াত খেয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে ক্যাম্পাসে ফিরছিলেন চেসি। পথে পেছন থেকে একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় নেওয়া হয়।

চেসি ত্রিপুরার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার সহপাঠী রবিউল আলম ফেসবুকে লিখেছেন, ‘বোন আমার, আর কোনো দিন দেখা হবে না। এক করিডরে হাঁটা হবে না, ল্যাবে কাজ করা হবে না, পাহাড়ি খাবার খাওয়া হবে না। ভালো থাকিস ওপারে, বোন আমার।’

আরেক শিক্ষার্থী বম চাকমা ফেসবুকে লিখেছেন, ‘চেসি ত্রিপুরা আর আমাদের মাঝে নেই। আজ রাত ১১টা ৭ মিনিটে চিকিৎসক তার মৃত্যুর ঘোষণা দিয়েছেন। চেসিকে বাঁচানোর আশা নিয়ে যারা অপেক্ষা করছিলেন, তাদের এই অপূরণীয় ক্ষতি ভাষায় প্রকাশ করার মতো নয়। চেসির আত্মার শান্তি কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বিদায়, চেসি। তোমাকে আমরা মনে রাখব।’