তিন বছর পর হাবিপ্রবিতে ফিরছে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা ‘লেটস টক’

তিন বছর পর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাসে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা ‘লেটস টক’। স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অব এইচএসটিইউ-এর উদ্যোগে আগামী শুক্রবার (৩১ জুলাই) দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতাটি দুই পর্বে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক রাফিয়া আখতার। বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক কাজী ইউসুফ, ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন বিভাগের মো. আকরাম হোসাইন এবং সাইফুর’স কোচিং সেন্টারের আইইএলটিএস প্রশিক্ষক জুলকিফল ইসলাম।
এবারের প্রতিযোগিতার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) তিনটি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে। বিষয়গুলো হলো— সুস্বাস্থ্য ও কল্যাণ, মানসম্মত শিক্ষা এবং জলবায়ু কার্যক্রম। প্রতিযোগীরা নির্ধারিত সময়ের মধ্যে এসব বিষয়ে বক্তব্য উপস্থাপন করবেন।
এ বিষয়ে স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অব এইচএসটিইউ-এর সভাপতি রোখসানা আখতার বলেন, আমাদের মূল লক্ষ্য তরুণ শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের মাধ্যমে আগামী দিনের আত্মবিশ্বাসী নেতৃত্ব গড়ে তোলা। পাবলিক স্পিকিং শুধু মঞ্চে দাঁড়িয়ে কথা বলার দক্ষতা নয়; এটি নিজের চিন্তাভাবনা যুক্তি ও আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করে সমাজকে ইতিবাচকভাবে উদ্বুদ্ধ করার একটি শক্তিশালী মাধ্যম।
তিনি আরও বলেন, তিন বছর পর ‘লেটস টক’ প্রতিযোগিতার আয়োজন করতে পেরে ক্লাব অত্যন্ত আনন্দিত। এ আয়োজন শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।
.png)





