ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘বোমা’ হামলার হুমকি দিয়ে বেনামি ইমেইল
এশিয়া পোস্ট প্রতিবেদক

রাজধানীর বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ই-মেইলের মাধ্যমে ‘বোমা’ হামলার হুমকি দেওয়া হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ‘টিপিক্যাল চাইনিজ ম্যান’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পাঠানো মেইলে আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় প্রগতি সরণির ক্যাম্পাসে বোমা হামলার হুমকি দেওয়া হয়।
বার্তা পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাড্ডা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করে। বাড্ডা থানার ওসি মো. হাবিবুর রহমান এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গতকাল (রোববার) সন্ধ্যায় আমাদেরকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফোন দিয়ে হুমকির বিষয়টি জানায়। পরে আমরা তাৎক্ষণিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ করি এবং তাদেরকে জিডি করতে বলি। জিডির পর আমরা এটা নিয়ে গতকাল থেকেই তদন্ত শুরু করেছি।
