চবিতে ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ এবং অনলাইনে আবেদনের সময়সূচি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রতিবারের মতো এবারও চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী— তিনটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে চবির ভর্তি পরীক্ষা।
রোববার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখা থেকে প্রকাশিত ডেপুটি রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সচিব এসএম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীরা আগামী ১৫ নভেম্বর থেকে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। এছাড়া চারটি ইউনিট ও ৩টি উপইউনিটের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ করে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা চট্টগ্রাম (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস), ঢাকা (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) এবং রাজশাহী (রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) বিভাগীয় শহরে একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। তবে বি-১, বি-২ ও ডি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
ইউনিট অনুযায়ী ভর্তি পরীক্ষার সম্ভাব্য সূচি
বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটের ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ৩০ জানুয়ারি (শনিবার), কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী বছরের ৫ ফেব্রুয়ারি (শুক্রবার), ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ জানুয়ারি (শুক্রবার), সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের ভর্তি পরীক্ষা ০৬ ফেব্রুয়ারি (শনিবার)। এছাড়া তিনটি উপইউনিটের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে– বি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ০৩ ফেব্রুয়ারি (বুধবার), বি-২ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ০৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এবং ডি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৮ ফেব্রুয়ারি (সোমবার)।
ভর্তি পরীক্ষার বিষয়ে জানতে চাইলে চবির ডেপুটি রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সচিব এসএম আকবর হোছাইন এশিয়া পোস্টকে বলেন, প্রতিবারের মতোই আমাদের ভর্তি পরীক্ষা তিনটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি শান্তিপূর্ণ পরিবেশে একটি সুষ্ঠু পরীক্ষা আয়োজন করতে পারবো।



