logo
Advertisement

অপ্রতিমের মৃত্যুতে কুবিতে শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত

অপ্রতিমের মৃত্যুতে কুবিতে শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত
ইশায়াত শাহরিয়ার অপ্রতিম ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ে সাধারণ শোক ঘোষণা করা হয়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত থাকবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত পৃথক শোকবার্তা ও নোটিশে এসব তথ্য জানানো হয়। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত হবে।

শোকবার্তায় উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম ও বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে অপ্রতিমের রূহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের নোটিশে বলা হয়, সাধারণ শোক পালনের অংশ হিসেবে রোববার সব বিভাগের ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত থাকবে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ থেকে পরবর্তী সময়ে নোটিশের মাধ্যমে জানানো হবে।

অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় সে। শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, অপ্রতিমের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। এ ঘটনায় তিনজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের অপরাধী হিসেবে নিশ্চিত করা হয়নি। জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন হবে বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।