জাবির নিরাপত্তা শাখার পাশেই মিলল গাঁজার গাছ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নিরাপত্তা শাখার প্রধান কার্যালয়ের পাশ থেকে একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে গাছটি উপড়ে ফেলার পর পুড়িয়ে ধ্বংস করা হয়।
এর আগে, দুপুর দেড়টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাবিষয়ক সম্পাদক হুসনী মোবারক একটি তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে গাছটির অস্তিত্ব নিশ্চিত হন। পরবর্তীতে প্রশাসনকে খবর দেওয়া হলে বিকেল তিনটার দিকে সহকারী প্রক্টর ড. মো. আল-আমিন খানের উপস্থিতিতে গাছটি তুলে ধ্বংস করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ গাঁজা সেবনের পর সেখানে বীজ ফেলায় গাছটি স্বাভাবিকভাবে জন্ম নিয়েছিল।
ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জাকসুর প্রতিনিধি হুসনী মোবারক বলেন, নিরাপত্তা শাখার মতো সংবেদনশীল জায়গার সামনে দীর্ঘদিন ধরে গাঁজার গাছ বেড়ে ওঠা দায়িত্বশীলদের অবহেলা ও সচেতনতার ঘাটতি নির্দেশ করে। ঘটনাটির সুষ্ঠু তদন্তের পাশাপাশি নিরাপত্তাকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার।
দায়িত্ব এড়িয়ে এস্টেট শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. আবুল কাশেম জানান, দায়িত্বপ্রাপ্ত মালি এটি গাঁজার গাছ হিসেবে চিনতে পারেননি; সৌন্দর্যবর্ধনের সাধারণ ফুলের গাছ ভেবে তিনি এটি কাটেননি।
নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. জেফরুল হাসান চৌধুরী বলেন, আমাদের মূল কাজ ক্যাম্পাসের নিরাপত্তা বিধান করা, তাই প্রশাসনিক চত্বরের ভেতরে গাছ কীভাবে বেড়ে উঠল তা এস্টেট শাখারই ভালো জানা থাকার কথা।



