logo
Advertisement

চবিতে মেয়াদ শেষের আগেই শিক্ষক নিয়োগ বোর্ড ভেঙে দিল কর্তৃপক্ষ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, চবি
চবিতে মেয়াদ শেষের আগেই শিক্ষক নিয়োগ বোর্ড ভেঙে দিল কর্তৃপক্ষ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ছবি: এশিয়া পোস্ট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক নিয়োগ বোর্ডের মনোনীত সদস্যদের মেয়াদ নির্ধারিত দুই বছর পূর্ণ হওয়ার আগেই নিয়োগ বোর্ড ভেঙে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisement

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ৫৬৮তম সিন্ডিকেট সভায় শিক্ষক নিয়োগ বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্ত অনুমোদন করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া।

সিন্ডিকেট সভার সচিব এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া জানান, নিয়োগ বোর্ড গঠনের জন্য আগের সিন্ডিকেটগুলো থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর ধারাবাহিকতাই আজকের সভায় সহকারী অধ্যাপক ও প্রভাষক ক্যাটাগরিতে শিক্ষক নিয়োগে নির্বাচনি বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ অনুযায়ী, প্রতিটি বিভাগে শিক্ষক নিয়োগের জন্য একটি নির্বাচনি বোর্ড গঠন করা হবে। নির্বাচনি বোর্ডে সিন্ডিকেট কর্তৃক দুজন সদস্য মনোনীত হবেন। মনোনয়নের দিন থেকে দুই বছর পর্যন্ত সদস্যদের মেয়াদ থাকবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের সাবেক এক জ্যেষ্ঠ শিক্ষক জানান, ৬০ বছরের ইতিহাসে এমন কিছু আগে হয়নি। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী নিয়োগ বোর্ডের মেয়াদ এখন প্রায় ৪ মাসের মতো সময় আছে। পূর্বের প্রশাসনও মেয়াদ শেষের পর বোর্ড গঠন করেছিল।

তিনি আরও ‍জানান, ২০২৫ সালের ৪ জানুয়ারি থেকে ৪ সেপ্টেম্বর ২০২৬ গঠিত নির্বাচনি বোর্ডের মেয়াদ হয়েছে মোট ৬০৮ দিন। ফলে দুই বছর পূর্ণ হতে আরও ১২২ দিন বাকি, অর্থাৎ ২০২৭ সালের ৪ জানুয়ারি দুই বছর পূর্ণ হবে।