logo

চবির নতুন প্রক্টর অধ্যাপক কামরুল হোসেন

চবির নতুন প্রক্টর অধ্যাপক কামরুল হোসেন
অধ্যাপক ড. মো. কামরুল হোসেন। ছবি : এশিয়া পোস্ট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হোসেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অধ্যাপক ড. মো. কামরুল হোসেনকে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাসহ এক বছরের জন্য নিজ দায়িত্বের অতিরিক্ত প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হলো।

বিজ্ঞপ্তিতে সদ্য বিদায়ী প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দীর সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে তাঁকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল দুপুরে তার নামে চিঠি ইস্যু করা হয়েছে। যোগদানের দিন থেকে তিনি আগামী এক বছর প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক ড. মো. কামরুল হোসেন চবির ৪৮তম প্রক্টর হিসেবে অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দীর স্থলাভিষিক্ত হলেন। সদ্যবিদায়ী প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ৪৭তম প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

অনূভূতি ব্যক্ত করতে গিয়ে নতুন প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে যে অর্পিত দায়িত্ব দিয়েছে, তা যথাযথভাবে পালনে সর্বোচ্চ চেষ্টা করব। বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও শিক্ষার্থীদের কল্যাণে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাব। এ দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, ক্যাম্পাসের ভেতরে ও বাইরে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সচেষ্ট থাকব। ক্যাম্পাসে মাদক চোরাচালানের বিষয়ে আমাদের অবস্থান থাকবে জিরো টলারেন্স। পাশাপাশি সহাবস্থানের রাজনীতির মাধ্যমে শিক্ষার্থীদের সুষ্ঠু একাডেমিক পরিবেশ বজায় রাখাই হবে আমাদের প্রধান লক্ষ্য।

নবনিযুক্ত প্রক্টর চট্টগ্রামের মীরসরাইয়ের বাসিন্দা। তিনি দুর্গাপুরের ‘দুর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়’ থেকে ১৯৯৬ সালে মাধ্যমিক ও ১৯৯৮ সালে চট্টগ্রাম কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৯৯৯-২০০০ শিক্ষাবর্ষে রসায়ন বিভাগে ভর্তি হন। সেখান থেকেই তিনি যথাক্রমে মাস্টার্স ও পিএইচডি সম্পন্ন করে একই বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। সম্প্রতি তিনি রসায়ন বিভাগের অধ্যাপক পদে পদোন্নতি পান।