শেষ কার্যদিবসে ইনসাফের বাংলাদেশ গড়ার আহ্বান ডাকসু ভিপি সাদিক কায়েমের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এক বছরের মেয়াদ পূর্ণ হওয়ার দিনে দেশের সর্বস্তরের জনগণ ও শিক্ষার্থীদের প্রতি বিশেষ বার্তা দিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।
বুধবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি গত এক বছরের নানা বাধা-বিপত্তি পেরিয়ে অর্জিত সাফল্য ও ক্যাম্পাস পরিবর্তনের চিত্র তুলে ধরেন।
বিবৃতিতে ভিপি সাদিক কায়েম জানান, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষায় অনুষ্ঠিত নিয়মতান্ত্রিক ছাত্রসংসদ নির্বাচনের এক বছর পূর্ণ হলো আজ। সহযোদ্ধাদের অক্লান্ত পরিশ্রম, দেশে-বিদেশে অবস্থানরত শুভানুধ্যায়ীদের সমর্থন এবং সাধারণ শিক্ষার্থীদের অকুণ্ঠ ভালোবাসায় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করেছিলেন।
বিগত এক বছরের সাফল্য ও ক্যাম্পাসের স্থিতিশীলতার কথা উল্লেখ করে তিনি বলেন, নানা অসহযোগিতা ও সীমাবদ্ধতা সত্ত্বেও শিক্ষার্থীদের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন। পাশাপাশি সারা দেশে শিক্ষার্থীসমাজ ও দেশবাসীর অধিকার রক্ষায় ডাকসু সর্বদা সোচ্চার ছিল।
গণরুম ও গেস্টরুমের মতো দীর্ঘদিনের নিপীড়নমূলক সংস্কৃতির পথ চিরতরে বন্ধ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ক্যাম্পাসে একটি শান্ত ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে তারা সক্ষম হয়েছেন।
এ ছাড়া পরিবহনব্যবস্থার উন্নয়ন, উচ্চশিক্ষা ও গবেষণায় উদ্বুদ্ধকরণ, দক্ষতা উন্নয়ন (স্কিল ডেভেলপমেন্ট), চিকিৎসাসেবার পরিধি বৃদ্ধি এবং হলের পড়াশোনার পরিবেশ উন্নয়নে ইতিবাচক রূপান্তর সাধিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সাদিক কায়েমের মতে, ডাকসু দেখিয়েছে—ছাত্রসংসদ মানে ক্ষমতা নয়, সেবা; আধিপত্য নয়, প্রতিনিধিত্ব; ভয় নয়, স্বাধীনতা।
ভবিষ্যতেও নিয়মিত ছাত্রসংসদ নির্বাচন এবং ইতিবাচক পরিবর্তনের ধারায় একটি ‘ইনসাফের বাংলাদেশ’ গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিশেষে গণতান্ত্রিক ও শিক্ষার্থীবান্ধব স্বপ্নের ক্যাম্পাস গঠনে পাশে থাকার জন্য দেশের সাধারণ মানুষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান ডাকসু ভিপি।


