ইবিতে র্যাগিংয়ের অভিযোগ, তদন্তে চার সদস্যের উপকমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র্যাগিংয়ের অভিযোগে তদন্ত ও বিধি অনুযায়ী শাস্তি নির্ধারণে চার সদস্যের উপকমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র্যাগিং ভিজিল্যান্স কমিটির আহ্বায়ক ও প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এর আগে, র্যাগিংয়ে শিকার হয়ে সভাপতি বরাবর লিখিত অভিযোগ দেয় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১৬ জন নবীন শিক্ষার্থী। বিভাগের প্রাথমিক তদন্ত শেষে প্রশাসনের কাছে রিপোর্ট জমা দিলে উপকমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কমিটিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. জালাল উদ্দিনকে আহ্বায়ক ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম ও আইন বিভাগের অধ্যাপক ড. মাকসুদা আক্তারকে সদস্য করা হয়েছে। কমিটির সদস্য-সচিব হয়েছেন ইইই বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. সালাহউদ্দিন মোল্লা। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে শাস্তির সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন এশিয়া পোস্টকে জানান, কমিটির প্রথম সভা শনিবার অনুষ্ঠিত হবে। এরপর সভায় আলোচনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান এশিয়া পোস্টকে বলেন, ট্যুরিজম বিভাগ থেকে আসা অভিযোগের পরিপ্রেক্ষিতে অ্যান্টি র্যাগিং ভিজিল্যান্স কমিটি একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিতে দায়িত্বপ্রাপ্ত সবাই ভিজিল্যান্স কমিটির সদস্য। পরবর্তীতে অভিযোগের খুঁটিনাটি বিষয় যাচাই-বাছাই করে সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
.png)

