মেয়াদ শেষ হওয়ার আগেই জাবির কোষাধ্যক্ষ পদ থেকে আবদুর রবকে অব্যাহতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রবকে চার বছরের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই পদ থেকে অব্যাহতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর ১৪(১) ধারা এবং ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী ট্রেজারার হিসেবে নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ড. মো. আবদুর রবকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে গণিত বিভাগের অধ্যাপক হিসেবে তার মূল পদে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।
জানা যায়, অধ্যাপক আবদুর রব ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর চার বছরের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পান। তবে প্রায় দুই বছর দায়িত্ব পালনের পরই তাকে এ পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগের আগে তিনি বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।
অব্যাহতি প্রাপ্ত শিক্ষকের দলীয় পরিচয় নিয়ে জানা যায়, ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় অধ্যাপক আবদুর রব এবং ১৯৯১-৯২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি ছিলেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দুর্নীতিবিরোধী ও নিপীড়নবিরোধী আন্দোলন এবং জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রটি জানিয়েছে, একই দিনে শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানাকে চার বছরের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে আয়োজিত দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
.png)






