৩২ বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন ইউরোপিয়ান ইউনিভার্সিটি

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (ইইউবি) গাবতলীস্থ স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে ফল ২০২৬ সেমিস্টারের নবীন বরণ, বিদায়ী গ্র্যাজুয়েটদের সংবর্ধনা এবং ‘ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬’-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনকারী বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের সদস্যদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম মরতুজার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান সঞ্চালকের দায়িত্ব পালন করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. হাসনুন নাহার। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশব্যাপী মোট ৩২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬’-এ শিরোপা জয়ী ইইউবি ক্রিকেট দলের খেলোয়াড়দের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম মরতুজা বলেন, ৩২টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার অসাধারণ কৃতিত্বের সম্পূর্ণ অবদান আমাদের উদীয়মান খেলোয়াড়দের। ‘ওয়ান টিম, ওয়ান ড্রিম, ওয়ান ভিক্টরি’ মূলমন্ত্রে উজ্জীবিত এই ঐতিহাসিক অর্জন আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও সুনাম আরও বাড়িয়ে দেবে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য উচ্চশিক্ষা, মানসম্মত গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমের বিস্তৃত সম্ভাবনার দিকগুলো তুলে ধরেন। একই সঙ্গে তিনি বিদায়ী গ্র্যাজুয়েটদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করে বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান দেশ ও সামাজিক কল্যাণে নিবেদিত করার আহ্বান জানান।
আলোচনা পর্ব শেষে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে এক জমকালো ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।