Advertisement

জাবিতে নতুন ট্রেজারার নিয়োগ পেলেন ড. সোহেল

এশিয়া পোস্ট নিউজ, জাবি
জাবিতে নতুন ট্রেজারার নিয়োগ পেলেন ড. সোহেল
ড. মো. সোহেল রানা। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদ থেকে অধ্যাপক ড. মো. আব্দুর রবকে অব্যাহতি দিয়ে একই বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানাকে নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

পৃথক প্রজ্ঞাপনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন ট্রেজারার হিসেবে ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানাকে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে বর্তমান ট্রেজারার ও গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রবকে উক্ত পদ থেকে অব্যাহতি দিয়ে নিজ বিভাগে পূর্বের পদে যোগদানের অনুমতি প্রদান করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি যোগদান থেকে পরবর্তী চার বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত (যেটি আগে ঘটে) দায়িত্ব পালন করবেন। এ পদে তিনি বিধিমোতাবেক বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। বিশ্ববিদ্যালয় আইন অনুসরণ করে দায়িত্ব পালনের পাশাপাশি তাঁকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে যে কোনো সময় এ নিয়োগ বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় চ্যান্সেলরের অনুমোদনক্রমে প্রজ্ঞাপন দুটি জারি করা হয়েছে।

নব নিযুক্ত অধ্যাপক ড. মো. সোহেল রানা সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও সুষম বরাদ্দ নিশ্চিত করার চেষ্টা করব। বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করব। শিক্ষার্থীদের কল্যাণ, গবেষণার পরিবেশ উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় সহযোগিতা করার চেষ্টা থাকবে।