Advertisement

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন ড. ইসমাইল হোসেন

এশিয়া পোস্ট নিউজ, ময়মনসিংহ
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন ড. ইসমাইল হোসেন
ড. ইসমাইল হোসেন। ছবি : সংগৃহীত

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এগ্রিবিজনেস অ্যান্ড মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন। শিক্ষা ও গবেষণায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই শিক্ষককে চার বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে, সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের আচার্যের অনুমোদনক্রমে এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেনকে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যোগদানের তারিখ থেকে চার বছর অথবা চাকরির নির্ধারিত বয়সসীমা পূর্ণ হওয়া—যেটি আগে ঘটবে, তত দিন এ দায়িত্ব পালন করবেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করে বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি ও বিধিবিধান অনুসারে দায়িত্ব পালনের পাশাপাশি উপাচার্য অর্পিত অন্যান্য দায়িত্বও পালন করবেন। প্রয়োজনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন দীর্ঘদিন ধরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিবিজনেস অ্যান্ড মার্কেটিং বিভাগে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত। কৃষি অর্থনীতি, এগ্রিবিজনেস ব্যবস্থাপনা এবং কৃষিপণ্যের বিপণন তার গবেষণার প্রধান ক্ষেত্র। এ ছাড়া কৃষি খাতের উন্নয়ন, বাজারব্যবস্থা এবং মূল্যশৃঙ্খলাভিত্তিক বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা প্রকল্পে তিনি কাজ করেছেন।

গবেষণার পাশাপাশি একাডেমিক কার্যক্রমেও তার সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। দেশি-বিদেশি বিভিন্ন স্বীকৃত সাময়িকীতে তার উল্লেখযোগ্যসংখ্যক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতা নতুন দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টদের প্রত্যাশা।

বিষয় :ময়মনসিংহ