logo
Advertisement

জাবিতে সান্ধ্য আইন প্রত্যাহারের দাবি ছাত্র ইউনিয়ন-ছাত্রশক্তির

এশিয়া পোস্ট নিউজ, ‎জাবি
জাবিতে সান্ধ্য আইন প্রত্যাহারের দাবি ছাত্র ইউনিয়ন-ছাত্রশক্তির
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি: এশিয়া পোস্ট

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রী হলগুলোতে বিদ্যমান সান্ধ্য আইন এবং জাহানারা ইমাম হলের রাত ১১টায় গেট বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও জাতীয় ছাত্রশক্তির জাবি সংসদ। পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠন দুটি এসব সিদ্ধান্তকে বৈষম্যমূলক ও শিক্ষার্থীদের স্বাধীন চলাচলের অধিকারের পরিপন্থি বলে দাবি করেছে।

Advertisement

‎শুক্রবার (২১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও জাতীয় ছাত্রশক্তির জাবি শাখা এ দাবি জানায়।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জাবি শাখা জানায়, জাহানারা ইমাম হলে রাত ১১টার মধ্যে হলে প্রবেশ বাধ্যতামূলক করা এবং এরপর মূল ফটক বন্ধ রাখার সিদ্ধান্ত নারী শিক্ষার্থীদের ব্যক্তিস্বাধীনতা ও স্বাভাবিক বিশ্ববিদ্যালয় জীবনকে সংকুচিত করবে। একই সঙ্গে প্রীতিলতা হলসহ বিভিন্ন ছাত্রী হলে বিদ্যমান নিয়ন্ত্রণমূলক আবাসিক নীতিমালাও পুনর্বিবেচনার দাবি জানায় সংগঠনটি।

‎সংগঠনটির সভাপতি অদ্রি অংকুর ও সাধারণ সম্পাদক ফাইজান আহমেদ অর্ক এক যৌথ বিবৃতিতে বলেন, নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের। সেই দায়িত্ব পালনে ব্যর্থতার দায় শিক্ষার্থীদের স্বাধীনতার ওপর চাপিয়ে দেওয়া যায় না। নারী শিক্ষার্থীদের চলাচল সীমিত না করে ক্যাম্পাসে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা, নিয়মিত টহল ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

‎অন্যদিকে জাতীয় ছাত্রশক্তি তাদের বিজ্ঞপ্তিতে জাহানারা ইমাম হলের রাত ১১টায় গেট বন্ধের সিদ্ধান্তের পাশাপাশি ২০১৮ সালের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলাসংক্রান্ত অধ্যাদেশে থাকা আবাসিক শিক্ষার্থীদের রাতের চলাচল সীমিত করার বিধান বাতিলের দাবি জানায়।

‎সংগঠনটির দাবি, নিরাপত্তার নামে শিক্ষার্থীদের চলাচলে বিধিনিষেধ আরোপ কোনো কার্যকর সমাধান নয়। বরং ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ, পর্যাপ্ত আলোকসজ্জা, সিসিটিভি, নিরাপত্তা টহল এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা উচিত।

‎বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহানারা ইমাম হলের রাত ১১টায় গেট বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার, প্রীতিলতা হলসহ সব ছাত্রী হলে বিদ্যমান বৈষম্যমূলক ‘সান্ধ্য আইন’ ও চলাচলে বাধাস্বরূপ বিধিনিষেধ বাতিল এবং নারী-পুরুষ নির্বিশেষে সকল শিক্ষার্থীর সমান চলাচলের অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে।

‎একই সঙ্গে জাতীয় ছাত্রশক্তি জাহানারা ইমাম হলের গেট বন্ধের সিদ্ধান্ত এবং ২০১৮ সালের নিয়ন্ত্রণমূলক বিধান বাতিল করে শিক্ষার্থীদের স্বাধীন চলাচলের অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। দুই সংগঠনই বলেছে, এসব সিদ্ধান্ত প্রত্যাহার না হলে তারা শিক্ষার্থীদের নিয়ে গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখবে।

‎এর আগে, ১৯ আগস্ট জাহানারা ইমাম হল প্রশাসনের রাত ১১টার মধ্যে হলে প্রবেশ বাধ্যতামূলক, রাত ১১টার পর বাইরে যাওয়া নিষিদ্ধ এবং মূল ফটকে তালা দেওয়ার নির্দেশনা-সংবলিত বিজ্ঞপ্তি প্রকাশের পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।