Advertisement

প্রশাসনের অনুমতি ছাড়াই পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচি

এশিয়া পোস্ট নিউজ, পাবিপ্রবি
প্রশাসনের অনুমতি ছাড়াই পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল। ছবি : এশিয়া পোস্ট

বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি না পাওয়ার পরও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চের বিশ্ববিদ্যালয় শাখা। কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে ‘জুলাই গণঅভ্যুত্থান’ বিষয়ক আলোচনা সভা ও শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠানের অংশ হিসেবে সংগঠনটি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে।

ইনকিলাব মঞ্চের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথমে মৌখিকভাবে কর্মসূচির অনুমতি দিলেও শেষ মুহূর্তে কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবেরের উপস্থিতির বিষয়টি সামনে এনে লিখিত অনুমতি দেয়নি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, বাইরের অতিথিকে নিয়ে কর্মসূচি আয়োজনের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি বলেই অনুমোদন দেওয়া হয়নি।

এদিন বিকেল ৪টার দিকে কর্মসূচির প্রধান অতিথি ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের ক্যাম্পাসে প্রবেশ করলে সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা সংক্ষিপ্ত সমাবেশ ও আলোচনা সভা করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্য অভিনেতা আসাদুজ্জামান আসাদ, মাসুদুর রহমান আদনান, হাবিবুল্লাহ মেজবাহ, আবু ওমায়ের, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলা শাখার সাবেক আহ্বায়ক বরকতুল্লাহ ফাহাদ, সাবেক মুখপাত্র সিরাজুম মুনিরা, পাবিপ্রবি শাখার আহ্বায়ক মজনু আলম, ভারপ্রাপ্ত সদস্যসচিব ইব্রাহিম খলিল, পাবনায় জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য এবং জেলা ও বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ইনকিলাব মঞ্চের পাবিপ্রবি শাখার আহ্বায়ক মজনু আলম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের মৌখিকভাবে অনুমতি দিয়েছিল। আমরা লিখিত আবেদনও জমা দিয়েছিলাম। সময় ও স্থান চূড়ান্ত হওয়ার পর কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের কর্মসূচিতে উপস্থিত থাকবেন জেনে অনুমতি নিতে গেলে সেটি আর দেওয়া হয়নি।

তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান এ দাবি অস্বীকার করে বলেন, ইনকিলাব মঞ্চ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কোনো লিখিত আবেদনই দেয়নি। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কর্মসূচি করতে পারত। কিন্তু বাইরের কোনো অতিথিকে নিয়ে ক্যাম্পাসে কর্মসূচি আয়োজন করতে হলে প্রশাসনের অনুমতি প্রয়োজন, যা তারা নেয়নি।

সমাবেশে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেন, কোথা থেকে ফোন আসে, কীভাবে কর্মসূচি বন্ধ হয়—এসব আমরা জানি। আমরা শুধু স্মরণ করিয়ে দিতে চাই, একজন এক দেশে বসে ২০৪১ সালের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু ২০২৪ সালেই তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এখন আবার কেউ ২০৩৪ সালের বয়ান শোনানোর চেষ্টা করছে। মনে রাখবেন, জুলাইয়ের সঙ্গে যদি গাদ্দারি করা হয়, জুলাইয়ের শহীদদের যদি অবমাননা করা হয়, তাহলে ২৬ কিন্তু ২৭-এ গিয়ে পৌঁছাবে না।