logo

মুখে কালো কাপড় বেঁধে ক্লাসে প্রতীকী অবস্থান ঢাবি শিক্ষক সামিনা লুৎফার

মুখে কালো কাপড় বেঁধে ক্লাসে প্রতীকী অবস্থান ঢাবি শিক্ষক সামিনা লুৎফার
মুখে কালো কাপড় বেঁধে ক্লাসে প্রতীকী অবস্থান নেন ঢাবি শিক্ষক অধ্যাপক ড. সামিনা লুৎফা। ছবি: সামিনা লুৎফার ফেসবুক পেজ থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিনা লুৎফা ক্লাসরুমে শিক্ষকের কথা বলার স্বাধীনতা হরণ ও শিক্ষক হেনস্তার প্রতিবাদে অভিনব এক প্রতিবাদ জানিয়েছেন।

রোববার (১১ অক্টোবর) ক্লাসরুমে গিয়ে তিনি টানা পাঁচ মিনিট মুখে কালো কাপড় বেঁধে নীরব অবস্থান গ্রহণ করেন।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেন অধ্যাপক সামিনা লুৎফা।

পোস্টে তিনি উল্লেখ করেন, শ্রেণিকক্ষে শিক্ষকের স্বাধীনতা নস্যাতের পরিকল্পিত চক্রান্ত শিক্ষক ও শিক্ষার্থীর পারস্পরিক আস্থার সম্পর্ককে চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে। ভিন্নমত প্রকাশ বা কথা বলার অপরাধে যেসব শিক্ষক হেনস্তার শিকার হয়েছেন, তাদের প্রতি সংহতি জানাতেই তিনি এই ব্যক্তিগত প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।

তিনি আরও জানান, প্রতিবাদ শুরুর আগে তিনি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে ক্লাসের ‘কোড অব কন্ডাক্ট’ বা আচরণবিধি নিয়ে আলোচনা করেন। অনুমতি ছাড়া কী করা যাবে বা যাবে না এবং কোনো বিষয়ে মতভেদ দেখা দিলে তা কীভাবে সৌহার্দ্যপূর্ণভাবে সমাধান করা সম্ভব সেসব বিষয়ে কথা বলার পর তিনি মুখে কালো কাপড় বেঁধে পাঁচ মিনিট নীরব থাকেন।

ক্লাসরুমের স্বাধীনতা ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে শিক্ষক সমাজের উদ্দেশে তিনি আহ্বান জানান।

উল্লেখ্য, সম্প্রতি গত ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের একটি ক্লাসে নেকাব পরা এক ছাত্রীর সঙ্গে কথা কাটাকাটিকে কেন্দ্র করে সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ ওঠে। শিক্ষার্থীদের লিখিত অভিযোগের মুখে ৮ অক্টোবর বিভাগটি জরুরি সভা ডেকে ওই শিক্ষককে সব ধরনের পাঠদান কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেয়। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়জুড়ে শিক্ষকের স্বাধীনতা ও শ্রেণিকক্ষের পরিবেশ নিয়ে নতুন আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।