Advertisement

বাইরের ট্রেজারারকে ক্যাম্পাসে প্রবেশে বাধার হুঁশিয়ারি জবি শিক্ষক সমিতির

এশিয়া পোস্ট নিউজ, জবি
বাইরের ট্রেজারারকে ক্যাম্পাসে প্রবেশে বাধার হুঁশিয়ারি জবি শিক্ষক সমিতির
জরুরি সংবাদ সম্মেলন করেন জবি শিক্ষক সমিতির নেতারা। ছবি: এশিয়া পোস্ট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাইরে থেকে ট্রেজারার নিয়োগ দেওয়া হলে তাদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জবি শিক্ষক সমিতি। জবির শিক্ষকদের মধ্য থেকেই পরবর্তী ট্রেজারার নিয়োগের দাবি জানান তারা।

রোববার (২৬ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষক সমিতির নেতারা। এ সময় শিক্ষকদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকরাই প্রতিষ্ঠানের বাস্তবতা ও সমস্যাগুলো ভালোভাবে বোঝেন। তাই ট্রেজারার পদে জবির যোগ্য শিক্ষকদের মধ্য থেকেই নিয়োগ দেওয়া উচিত।

জবির শিক্ষকরা অন্য বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ও ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করতে সক্ষম হলে নিজ বিশ্ববিদ্যালয়ে কেন বাইরে থেকে কাউকে নিয়োগ দিতে হবে— এ প্রশ্নও তোলেন তিনি।

এ সময় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া বলেন, শিক্ষক সমিতি শুধু শিক্ষকদের সংগঠন নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক হিসেবেও দায়িত্ব পালন করে।

সংবাদ সম্মেলনে কর্মকর্তা সমিতির সভাপতি আব্দুল হালিম বলেন, বাইরে থেকে ট্রেজারার নিয়োগ দেওয়া হলে কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতিতে যাবেন।

ছাত্র প্রতিনিধি ফেরদাউস অভিযোগ করেন, অতীতে রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগের চর্চা ছিল। ভবিষ্যতে এ ধরনের বৈষম্যমূলক নিয়োগ যেন না হয়, সে দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সমন্বয়ে ‘টিম জগন্নাথ’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক দাবিতে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেওয়া হয়।

প্রসঙ্গত, সরকার পরিবর্তনের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে পরিবর্তন প্রক্রিয়ার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারার নিয়োগের বিষয়টি আলোচনায় এসেছে।