logo

আইইউবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত, বিশেষ সেমিনার অনুষ্ঠিত

আইইউবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত, বিশেষ সেমিনার অনুষ্ঠিত
আইইউবি শিক্ষার্থীদের অংশগ্রহণে বৈজ্ঞানিক পোস্টার প্রদর্শনী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। ছবি: বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া

‘এমপাওয়ারিং ফার্মাসিস্টস ফর হেলদিয়ার ফিউচারস’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে বিশেষ সেমিনারের আয়োজন করেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথের অধীন ফার্মেসি বিভাগ আইইউবি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আলমগীর হোসেন। এতে সভাপতিত্ব করেন আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য এবং এডুকেশন, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্টের (ইএসটিসিডিটি) ভাইস চেয়ারম্যান ড. হুসনে আরা আলী।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফার্মেসি কাউন্সিল অব বাংলাদেশের (পিসিবি) অ্যাক্রেডিটেশন কমিটির সভাপতি ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) সদস্য অধ্যাপক মো. শাহ এমরান।

অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত ‘একাডেমিয়া-ইন্ডাস্ট্রি’ বিষয়ক এক প্যানেল আলোচনায় অংশ নেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মোহাম্মদ শফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকির আহমেদ চৌধুরী, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির নির্বাহী পরিচালক (অপারেশনস) মো. মিজানুর রহমান, ডিবিএল ফার্মাসিউটিক্যালসের সিওও মো. তানভীর সজীব, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সার্ভিয়ার বাংলাদেশ অপারেশন্সের মার্কেটিং ডিরেক্টর মহিউদ্দিন আন্দালিব। প্যানেল আলোচনাটি সঞ্চালনা করেন আইইউবির ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ড. আকিব বিন রহমান।

সেমিনারে আইইউবির স্কুল অব ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথের ডিন ড. কামরান উল বাছেতসহ বিভিন্ন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আইইউবির ফার্মেসি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. নাসরীন আক্তার।

আলোচনা সভা ছাড়াও দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে বৈজ্ঞানিক পোস্টার প্রদর্শনী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। মূল অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন আইইউবি ফার্মেসি বিভাগের প্রভাষক নাঈমা নুসরাত জাহান ও রাফিয়া রোকাইয়া হোসেন।