ঢাকা কলেজ শিক্ষার্থীর ওপর অতর্কিত হামলা

আবাসিক মেসে ঢাকা কলেজের এক শিক্ষার্থীর ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। পাশের কক্ষের এক নেশাগ্রস্ত ব্যক্তি হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে বলে অভিযোগ উঠেছে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৫টার দিকে লালবাগ এলাকার একটি মেসে এ ঘটনাটি ঘটে।
আহত শিক্ষার্থীর নাম তাহের হোসেন নয়ন। তিনি ঢাকা কলেজের বাংলা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের (২০২৩–২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি বরগুনায়। তার পিতার দুলাল মিয়া এবং মা তানিয়া বেগম।
আহত শিক্ষার্থীর বন্ধু মাসুদ রানা জানান, খবর পেয়ে কয়েকজন সহপাঠী দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাহেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে ঘটনার বিষয়ে জানতে এবং অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করতে তারা মেসে গেলে অভিযুক্তকে সেখানে পাওয়া যায়নি।
তিনি আরও জানান, পরবর্তীতে বাড়ির মালিকের সঙ্গে কথা বলতে গেলে স্থানীয় কয়েকজনকে নিয়ে তাদের কয়েকজনকে ঘিরে ফেলা হয়। পরিস্থিতি বিবেচনায় তারা আইনগত সহায়তা নিতে লালবাগ থানায় যান এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানান। পরে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
জিডি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মেসের টাকার হিসাব-নিকাশকে কেন্দ্র করে অভিযুক্ত ব্যক্তি রুমের দরজা বন্ধ করে নয়নের মাথায় তালা দিয়ে আঘাত করেন। এতে নয়ন গুরুতর আহত ও রক্তাক্ত হন। পরে বন্ধুদের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী ও তার সহপাঠীরা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে লালবাগ থানার ওসি মো. ইয়াসিন আলী এশিয়া পোস্টকে বলেন, ঘটনার পর ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত জাহিদ বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।


