আহত রাবি শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন

ট্রাকের ধাক্কায় গুরুতর আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাইক্রোবায়োলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী চেসি ত্রিপুরাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে তার চিকিৎসার কথা রয়েছে।
জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) রাজশাহীর বাগমারা থেকে ক্যাম্পাসে ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন চেসি ত্রিপুরা। দুর্ঘটনার পর তাকে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। তার মাথার ডান পাশে গুরুতর আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে।
এদিকে, সোমবার রাতেই হাসপাতালে গিয়ে চেসির চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা। ওই সময় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার উদ্যোগের কথা জানান উপাচার্য।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম জানান, চেসির মাথায় গুরুতর আঘাত থাকায় চিকিৎসকেরা তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। সেই পরামর্শ অনুযায়ী, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় তাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও জানান, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের প্রধানের সঙ্গে যোগাযোগ করে চেসির চিকিৎসার জন্য প্রয়োজনীয় আসনের ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনার পর থেকেই আমরা চেসি ত্রিপুরার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছি। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে। তার পরিবার ও চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে প্রশাসন প্রস্তুত রয়েছে।

