Advertisement

চুয়েটের সব পুকুর ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা, নামলেই শাস্তিমূলক ব্যবস্থা

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
চুয়েটের সব পুকুর ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা, নামলেই শাস্তিমূলক ব্যবস্থা
ছবি: এশিয়া পোস্ট

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মাত্র ১৫ দিনের ব্যবধানে তিন শিক্ষার্থীর সলিলসমাধির পর ক্যাম্পাসের সবকটি পুকুরকে ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ক্যাম্পাসের কোনো জলাশয়ে নামা বা সাঁতার কাটার ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১৩ আগস্ট) চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তর থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসের কোনো পুকুরে নামা সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ এই নির্দেশ অমান্য করলে তা বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা পরিপন্থি আচরণ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ বুধবার দুপুরে চুয়েটের কাজী নজরুল ইসলাম হলের পুকুরে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহত শিক্ষার্থীরা হলেন—কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অর্ণব দত্ত এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শান্ত দেব।

এর আগে, গত ২৮ জুলাই সন্ধ্যায় একই পুকুরে নেমে তলিয়ে যান যন্ত্রকৌশল (এমই) বিভাগের শিক্ষার্থী অর্ণব সাহা। পরে তাকে উদ্ধার করা হলেও তিনি মারা যান।

সংক্ষিপ্ত সময়ের ব্যবধানে পরপর তিনটি প্রাণহানির ঘটনায় চুয়েট ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থেই প্রশাসন এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।