logo
Advertisement

চবির ১১টি হলে ১১ ডিপ ফ্রিজ দিলেন চাকসু ভিপি

চবির ১১টি হলে ১১ ডিপ ফ্রিজ দিলেন চাকসু ভিপি
চবির ১১টি হলের জন্য কেনা ডিপ ফ্রিজের সঙ্গে চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি। ছবি: এশিয়া পোস্ট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনি ১১টি হলে ১১টি ডিপ ফ্রিজ উপহার দিয়েছেন। তিনি ভিপি হিসেবে তার নিজের ব্যক্তিগত বরাদ্দ বাবদ পাওয়া প্রায় ৪ লাখ টাকার বাজেট দিয়ে ছাত্রদের ১০টি হল ও সূর্যসেন হলের নারী ব্লকের জন্য একটি ডিপ ফ্রিজ উপহার দেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চাকসু ভিপির উপহারের ডিপ ফ্রিজগুলো পৌঁছে দেওয়া হয়। প্রতিটি ডিপ ফ্রিজ ৩০০ লিটার ধারণক্ষমতাসম্পন্ন বলে জানিয়েছেন ভিপি।

জানতে চাইলে ইব্রাহিম হোসেন রনি এশিয়া পোস্টকে বলেন, চাকসুর ভিপি হিসেবে যাতায়াত, আপ্যায়ন ও চা-নাস্তা খাওয়ার জন্য আমার যে ৪ লাখ টাকার বাজেট ছিল, সেই বাজেট থেকে ছাত্রদের ১০টি হল এবং সূর্যসেন হলের নারী ব্লকে একটিসহ মোট ১১টি ডিপ ফ্রিজের ব্যবস্থা করেছি।

তিনি বলেন, ছাত্রীদের হলগুলোতে ইতোমধ্যে চাকসু জিএস সাঈদ বিন হাবিব ৫টি ডিপ ফ্রিজ উপহার দিয়েছেন। ছাত্রীদের পাশাপাশি ছাত্রদের হলগুলোতেও দীর্ঘদিন ধরে এ ধরনের সুবিধা ছিল না। বাড়ি থেকে নিয়ে আসা রান্না করা খাবার, দুধ বা অন্যান্য তরল খাবার সংরক্ষণসহ প্রয়োজনীয় ওষুধ রাখার ক্ষেত্রেও ফ্রিজের প্রয়োজন রয়েছে।

চাকসু ভিপি বলেন, আমি চাইলে আমার বাজেট আপ্যায়ন ও নাস্তার খরচ করে শেষ করতে পারতাম। কিন্তু সর্বোচ্চ আমানতদারিতার দৃষ্টান্ত স্থাপনের জন্যই মূলত পুরো বাজেট শিক্ষার্থী ভাই-বোনদের ফ্রিজ উপহার দেওয়ার মাধ্যমে শেষ করতে চাই।

এর আগে, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এবং চাকসুর জিএস সাইদ বিন হাবীব নারী শিক্ষার্থীদের হলে ডিপ ফ্রিজ উপহার দিয়েছেন। নারী শিক্ষার্থীদের ৫টি হলে উভয়ই ৫টি করে মোট ১০টি ডিপ ফ্রিজ উপহার দেন।