জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক, একাধিক কর্মচারীর সম্পৃক্ততার অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশমাইল এলাকা থেকে গাঁজাসহ মিজানুর রহমান মিজান (৬৩) নামের এক বহিরাগত বৃদ্ধকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জাকসু প্রতিনিধি।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতী ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সদস্যরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।
আটকের সময় মিজানুর রহমানের কাছ থেকে দুই গ্রাম গাঁজা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরবর্তীতে তাকে নিরাপত্তা শাখার মাধ্যমে পুলিশে সোপর্দ করা হয়েছে।
আটক ব্যক্তি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের আজিজ ফাজিলপুর গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে আশুলিয়ার কাঠগড়া এলাকায় বসবাস করছেন।
অভিযান পরিচালনাকারী জাকসু সদস্য চিশতী দাবি করেন, আটক মিজানের দেওয়া তথ্যের ভিত্তিতে ক্যাম্পাসের একাধিক কর্মচারীর মাদকের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে।
তার দাবি অনুযায়ী অভিযুক্তরা হলেন শহীদ সালাম-বরকত হলের পরিচ্ছন্নতাকর্মী মো. বিজয়, নতুন কলা ভবনের পরিচ্ছন্নতাকর্মী স্বধিব এবং বেগম খালেদা জিয়া হলের নিরাপত্তাকর্মী রিপন।
ঘটনার বিবরণ দিয়ে চিশতী বলেন, ‘জাকসু ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয়ে দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে মাদকের বিরুদ্ধে নজরদারি ও তথ্য সংগ্রহ করা হচ্ছে। আটক ব্যক্তির কাছ থেকে গাঁজা উদ্ধারের পাশাপাশি ক্যাম্পাসের কর্মচারীদের জড়িত থাকার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।’
তিনি আরও বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে মাদকের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। জাকসুর বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত ক্যাম্পাসকে মাদকমুক্ত করতে এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আবু সৈয়দ জানান, ‘ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই আমরা বিশ্ববিদ্যালয় উচ্চতর প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি। পরবর্তীতে প্রশাসনের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী পুলিশ ডেকে আটক ব্যক্তিকে তাদের কাছে সোপর্দ করা হয়েছে।’



