logo
Advertisement

আবু সাঈদ গণ-অভ্যুত্থানের প্রতীক: রাশেদ খাঁন

আবু সাঈদ গণ-অভ্যুত্থানের প্রতীক: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি: এশিয়া পোস্ট

শহীদ আবু সাঈদ গণ-অভ্যুত্থানের প্রতীক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, আবু সাঈদের সাহসিকতার দৃশ্য সারা দেশের মানুষকে আন্দোলনে সাহস জুগিয়েছে এবং তার নাম বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আমি রংপুরে এসেছি এই বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য। যে স্থানে দাঁড়িয়ে আবু সাঈদ দুই হাত উঁচু করে সাহসের প্রতীক হয়ে উঠেছিলেন, এ প্রতীক সারা বাংলাদেশের মানুষকে সাহস জুগিয়েছে। গণঅভ্যুত্থানের বীজ এই রংপুর থেকেই বপন করেছিলেন বীর শহীদ আবু সাঈদ।

তিনি আরও বলেন, আবু সাঈদ আমাদের শিখিয়ে গেছেন কীভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়। তার সেই দৃশ্য সারা বাংলাদেশের মানুষকে দেশের জন্য বুক চিতিয়ে লড়াই করার সাহস জুগিয়েছিল। যে জাতি রক্ত দিতে জানে, যে জাতি মরতে জানে, সেই জাতিকে কেউ হারাতে পারে না।

রাশেদ খাঁন জানান, রংপুরবাসী ও স্থানীয় প্রশাসনকে আবু সাঈদের পরিবারের পাশে থাকতে হবে। এই বাংলাদেশ যতদিন থাকবে, আবু সাঈদের নাম বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে।

এ সময় বেরোবির শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তাদের নেতৃত্বে এবং এই রংপুর থেকে আবু সাঈদের নেতৃত্বে ফ্যাসিবাদ ও শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই শুরু হয়েছিল এবং সেই লড়াই ৫ আগস্ট শেষ হয়। যারা পুলিশের গুলির মুখে দাঁড়িয়ে সেই ফুটেজ সংগ্রহ করেছিলেন এবং প্রকাশ করেছিলেন, তাদের ধন্যবাদ। এই একটি দৃশ্য বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে অন্যতম ভূমিকা রেখেছিল।