‘শাকসু চাই, শাকসু দাও—নইলে গদি ছাইড়া দাও’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে বিভিন্ন স্থানে প্রতিবাদী গ্রাফিতি এঁকেছেন শিক্ষার্থীরা।
সোমবার (৭ সেপ্টেম্বর) ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়ক, প্রশাসনিক ভবনসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানের দেয়ালে গ্রাফিতি এঁকে দ্রুত নির্বাচনের দাবি জানান তারা।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে শিক্ষার্থীরা নির্বাচন দাবির পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়ে নানা স্লোগান লিখেছেন। এর মধ্যে রয়েছে—‘শাকসু চাই, শাকসু দাও; নইলে গদি ছাইড়া দাও’, ‘শাকসু দিলে প্রশাসন, না দিলে প্রহসন’ এবং ‘শাকসু আমার অধিকার, রুখে দেবে সাধ্য কার’।
গ্রাফিতি অঙ্কন কর্মসূচি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী রিয়াজ হুসেন রিমন বলেন, প্রশাসনকে তাদের দাবি জানানোর জন্যই এই কর্মসূচি পালন করা হয়েছে। গত তিন মাস ধরে বিভিন্নভাবে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলেও নির্বাচন নিয়ে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
রিয়াজ হুসেন রিমন বলেন, প্রশাসন কেবল ক্ষমতায় আসার তিন মাস হয়েছে—এমন অজুহাত দিচ্ছে। আমরা চাই অবিলম্বে শাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক। অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
এর আগে, গত ১৮ জানুয়ারি শাকসুর সহসভাপতি (ভিপি) প্রার্থী মমিনুর রশিদ শুভসহ তিন শিক্ষার্থী নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন। পরদিন ১৯ জানুয়ারি নির্বাচনের এক দিন আগে আদালত চার সপ্তাহের জন্য নির্বাচন স্থগিতের আদেশ দেন।


