logo
Advertisement

আন্দোলনের মুখে চবিতে চক্রাকার বাস চালু

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, চবি
আন্দোলনের মুখে চবিতে চক্রাকার বাস চালু
চবির স্টুডেন্ট বাস। ছবি: এশিয়া পোস্ট

শিক্ষার্থীদের আন্দোলনের পর বিশ্ববিদ্যালয়ে চারটি চক্রাকার বাস চালুর ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বাস চালুর বিষয়টি নিশ্চিত করেন।

গ্যাসের দাম বৃদ্ধির কারণ দেখিয়ে ভাড়া বৃদ্ধি করার পর শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় সিএনজি বন্ধ করে দেয় চালকরা। রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক আটকে দেয় চাকসু। দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা অবস্থান কর্মসূচির পর রাত ১ টায় চবি উপ-উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ আল-আমীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থায়ীভাবে ৪টি চক্রাকার বাস চালুর সিদ্ধান্ত জানান। এসময় চাকসুর অবস্থান কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।

চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক মো. ইসহাক ভূঁইয়া বলেন, আমাদের দাবির প্রেক্ষিতে প্রশাসন চারটি বাস চালুর আশ্বাস দিয়েছেন, আশা করি আগামীকাল সকাল থেকেই বাসগুলো চলাচল শুরু করবে।

উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন জানান, আজ যেসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে আন্দোলনে অংশ নিয়েছিলেন, তাদের সবার একটাই দাবি ছিল—ক্যাম্পাসে স্থায়ীভাবে চক্রাকার বাস চালু করতে হবে। রাত অনেক হয়ে যাওয়ায় আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে এসেছি, কেননা তাদের এখন হলে ফিরে যাওয়া উচিত। আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জিরো পয়েন্ট মোড় থেকে এক নম্বর গেট রুটে স্থায়ীভাবে চারটি বাস চালুর ব্যবস্থা করেছে। এই বাসগুলো চক্রাকারে শিক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা করবে।

তিনি আরও জানান, আমাদের সবার মধ্যে একটা বাজে সংস্কৃতি তৈরি হয়েছে যে কোনো কিছু হলেই ক্যাম্পাসে মূল গেটে এসে তালা দেওয়া। এই সংস্কৃতি থেকে বহু কষ্টের বিশ্ববিদ্যালয় বেরিয়ে এসেছিল। এই ধরনের সংস্কৃতি ক্যাম্পাসে ফিরে আসুক এটা আমরা চাই না। আমরা আশা করি যখন তখন বিশ্ববিদ্যালয়ের মূল গেটে তালা দেওয়া এবং অবরোধ করার সংস্কৃতি থেকে শিক্ষার্থীরা বেরিয়ে আসবে।