জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে মুসলিম-জসিম

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে মুসলিম ইবনে রবি এবং সাধারণ সম্পাদক পদে মো. জসিম উদ্দিন নির্বাচিত হয়েছেন।
রোববার (৩০ আগস্ট) সাংবাদিক সমিতির কার্যালয় নকশীকাঁথা ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল প্রকাশ করেন নির্বাচন কমিশনের প্রধান ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান।
ঘোষিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী, নতুন কমিটিতে সভাপতি মুসলিম ইবনে রবি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং দৈনিক যায়যায়দিন–এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ক্যাম্পাস টাইমসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
অন্য পদগুলোর মধ্যে সহসভাপতি পদে এডুকেশন টাইমসের আল শাহরিয়া রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এশিয়া পোস্টের মো. নাঈম ইসলাম, অর্থ সম্পাদক পদে দ্য ডেইলি চেক পোস্টের মো. ইকরাম মাহমুদ প্রধান এবং দপ্তর সম্পাদক পদে দ্য স্টুডেন্ট জার্নালের মিরাজ হোসেন নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জামালপুরনিউজ২৪ ডটকমের মো. মিরাজুল ইসলাম, দ্য ডেইলি ক্যাম্পাসের মো. বেলাল হোসাইন এবং নবধারার আহাদুজ্জামান অনন্ত। প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন।
জাবিপ্রবিসাসের প্রধান নির্বাচন কমিশনার ড. মোহাম্মদ সাদীকুর রহমান জানান, সাংবাদিক সমিতির গঠনতন্ত্রের ধারা ০৯-এ বর্ণিত নির্বাচনি বিধিমালা যথাযথভাবে অনুসরণ করে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন কার্যনির্বাহী পরিষদ গঠনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের চেয়ারম্যান মো. সিজার রহমান এবং ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান আতিকুর রহমান।



