রবীন্দ্র-নজরুলের সাহিত্য প্রজন্ম পরিবর্তনের পাথেয়: ববি উপাচার্য

বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি) রবীন্দ্র-নজরুল বিষয়ক সেমিনারে ববি উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ বলেছেন, রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্যকর্ম মানবতা, শোষিত-বঞ্চিত মানুষের অধিকার এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের সাহিত্য আজও মানুষের জীবন ও প্রজন্ম পরিবর্তনের পাথেয় হয়ে আছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে বাংলা বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বাংলা আমাদের মাতৃভাষা হলেও সাহিত্য ও সংস্কৃতির জগতে সবার বিচরণ সমান নয়। তবে সাহিত্য সকল মানুষের চিন্তা ও জীবন পরিবর্তনের শক্তি রাখে। তেমনি রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য আমাদের জন্য আজও পাথেয় হয়ে আছে। তাদের একটি লেখা যেমন একজন মানুষের জীবন পরিবর্তন করতে পারে, তেমনি একটি প্রজন্মকেও পরিবর্তনের পথে এগিয়ে নিতে পারে।
তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলাম তাদের জীবন ও সৃষ্টিকর্মের মাধ্যমে মানবকল্যাণের দৃষ্টান্ত রেখে গেছেন। নজরুলের বিদ্রোহী চেতনা শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে মানুষকে জাগ্রত করেছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, শুধু ভোগ-বিলাস বা অর্থের মোহের পেছনে না ছুটে মানবিক মূল্যবোধকে ধারণ করতে হবে। জীবনে যে পেশাতেই থাকো না কেন, ভালো মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করাই জীবনের সবচেয়ে বড় সার্থকতা। একজন ভালো মানুষ যে পরিবেশেই থাকবেন, তিনি সেই পরিবেশকে ইতিবাচকভাবে পরিবর্তন করতে পারবেন। রবীন্দ্রনাথ ও নজরুলের জীবনাদর্শ অনুসরণ করে ভালো মানুষ হও।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের চেয়ারম্যান ড. শারমিন আক্তার। এছাড়াও সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. ভীষ্মদেব চৌধুরী এবং নজরুল গবেষক ও প্রাবন্ধিক এবং কবি নজরুল ইনস্টিটিউটের প্রাক্তন নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহ উপস্থিত ছিলেন।



