Advertisement

ন্যাশনাল হাসপাতালের জরুরি বিভাগে শিবির ও ছাত্রশক্তির নেতাদের ওপর হামলা

এশিয়া পোস্ট প্রতিবেদক
ন্যাশনাল হাসপাতালের জরুরি বিভাগে শিবির ও ছাত্রশক্তির নেতাদের ওপর হামলা
ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটের জরুরি বিভাগে হামলা। ছবি : এশিয়া পোস্ট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল, শিবির, ছাত্রশক্তির সংঘর্ষের ঘটনার জেরে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন শিবির ও ছাত্রশক্তির নেতাদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মহানগর দক্ষিণের নেতাকর্মীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এর আগে কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা যৌথ মিছিল নিয়ে আসেন হাসপাতালের সামনে।

বর্তমানে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। হাসপাতালটির সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা যৌথ মিছিল নিয়ে হাসপাতালটির সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় মিছিলের ভেতর থেকে বলা হয় হাসপাতালের ভেতরে ছাত্রদলের একজনকে মারা হচ্ছে।

হাসপাতালের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবি: এশিয়া পোস্ট
হাসপাতালের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবি: এশিয়া পোস্ট

এমনটা বলার পর মিছিল নিয়ে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটের ভেতরে ঢুকে চিকিৎসাধীন শিবির ও ছাত্রশক্তির নেতাদের মারধর করা হয়েছে বলে জানা গেছে।

উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এ বিষয়ে এখন পর্যন্ত ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বর্তমানে ঘটনাস্থলে উভয় পক্ষের নেতা-কর্মীরা জড়ো হয়েছেন। বিএনপি, যুবদল ও ছাত্রদলের মহানগর দক্ষিণের নেতা-কর্মীদেরও সেখানে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে।