আন্তর্জাতিক ড্রোন প্রতিযোগিতায় চতুর্থ ইউআইইউ

আন্তর্জাতিক ড্রোন প্রতিযোগিতায় বিশ্বে চতুর্থ স্থান অর্জন করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) এরিয়াল রোবোটিক্স টিম (ইউএআরটি)। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত স্টুডেন্ট আনম্যানড এরিয়াল সিস্টেমস (এসইউএএস) ২০২৬ প্রতিযোগিতায় প্রথমবার অংশ নিয়েই এ সাফল্য অর্জন করেছে বাংলাদেশি দলটি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইউআইইউ ক্যাম্পাসে দলটির এই সাফল্য উদযাপনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের টালসায় অবস্থিত স্কাইওয়ে রেঞ্জে অনুষ্ঠিত হয় এসইউএএস ২০২৬ প্রতিযোগিতা। এবারের আসরে বিশ্বের বিভিন্ন দেশের ৮১টি দল অংশ নেয়। প্রতিকূল আবহাওয়ার কারণে ২১টি দল ক্র্যাশের শিকার হলেও ইউআইইউর ইউএআরটি কৌশলগত ও প্রযুক্তিগত দক্ষতায় সফলভাবে মিশন সম্পন্ন করে চতুর্থ স্থান অর্জন করে।
ইউআইইউ কর্তৃপক্ষের দাবি, এসইউএএস প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবার কোনো বাংলাদেশি দল পোডিয়ামে স্থান করে নিয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য তাদের মেধা, কঠোর পরিশ্রম, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতার বহিঃপ্রকাশ। এটি বাংলাদেশের উচ্চশিক্ষা ও তরুণ প্রজন্মের সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
তিনি বলেন, গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে ইউআইইউর প্রচেষ্টা এবং সহযোগিতা অব্যাহত থাকবে। আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থীদের মেধা ও সক্ষমতা প্রদর্শনে এ অর্জন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইউএআরটির মেন্টর ও কম্পিউটার সায়েন্স বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. রিয়াসাত আজিম বলেন, বিশ্বে চতুর্থ স্থান অর্জন শিক্ষার্থী, শিক্ষক ও পরামর্শকদের দীর্ঘদিনের পরিশ্রম, প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা এবং দলগত প্রচেষ্টার ফল।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে ইউআইইউর শিক্ষার্থীরা বাস্তব সমস্যা সমাধান, দলগত নেতৃত্ব ও উন্নত প্রযুক্তি ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে।
ইউআইইউ কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক রোবোটিক্স ও প্রযুক্তি প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়টির ধারাবাহিক অর্জনের তালিকায় ইউএআরটির এই সাফল্য নতুন সংযোজন। গবেষণা, উদ্ভাবন ও শিক্ষার্থীদের নেতৃত্বে পরিচালিত প্রযুক্তিগত উদ্যোগে বিনিয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সক্ষমতা তুলে ধরার সুযোগ তৈরি করছে বিশ্ববিদ্যালয়টি।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে ইউআইইউর শিক্ষক-শিক্ষার্থী, ইউএআরটি দলের সদস্য, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
