ববিতে ১৬ বছরেও হয়নি আবাসিক হল, পাকা সড়ক: মন্ত্রীকে উপাচার্য

এশিয়া পোস্ট নিউজ, বরিশাল
ববিতে ১৬ বছরেও হয়নি আবাসিক হল, পাকা সড়ক: মন্ত্রীকে উপাচার্য
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনকে ক্যাম্পাস ঘুরিয়ে দেখান উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। ছবি: এশিয়া পোস্ট

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যের আমন্ত্রণে ক্যাম্পাস পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ মন্ত্রীর সামনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকট তুলে ধরেন। তিনি বলেন, ‘১৬ বছর আগে প্রতিষ্ঠিত হলেও বরিশাল বিশ্ববিদ্যালয়ে এখনও পর্যাপ্ত একাডেমিক ভবন, আবাসিক হল, পাকা সড়ক ও অডিটোরিয়াম নেই। মাত্র ৫০ একরের ক্যাম্পাসে সীমিত সুযোগ-সুবিধার মধ্যে কার্যক্রম চালাতে হচ্ছে।’ দ্রুত ডিপিপি অনুমোদন, জমি অধিগ্রহণ ও অবকাঠামো উন্নয়নের দাবি জানান তিনি।

Advertisement

এ সময় বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের অবকাঠামোগত ও একাডেমিক সংকট দ্রুত নিরসনের আশ্বাস দেন শিক্ষামন্ত্রী।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ে পৌঁছান শিক্ষামন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। পরে প্রশাসনিক ভবন-১ এর সামনে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী।

এ সময় শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘দীর্ঘ ১৫ বছরে এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কেন হয়নি? তোমাদের ভিসির আমন্ত্রণে খুব স্বল্প সময় নিয়ে বরিশালে এসেছি। তোমাদের (শিক্ষার্থী) সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। জমি অধিগ্রহণ সম্ভব না হলে ক্যাম্পাস-২ করার বিষয়টিও বিবেচনা করা হবে।’

মন্ত্রী জানান, সরকার শিক্ষা খাতে এবার সর্বোচ্চ বাজেট দিয়েছে, ফলে এসব সমস্যা সমাধানযোগ্য। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও পড়াশোনা চালিয়ে যেতে হবে, কারণ উন্নয়ন প্রক্রিয়া চলমান।’

এর আগে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকেও মন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়, যেখানে একাডেমিক ভবন, আবাসিক হল সংকট নিরসন ও ক্যাম্পাস সম্প্রসারণে জমি অধিগ্রহণের দাবি জানানো হয়।