logo
Advertisement

জবি মেডিকেল সেন্টারে নতুন ল্যাব উদ্বোধন


জবি মেডিকেল সেন্টারে নতুন ল্যাব উদ্বোধন
জবি মেডিকেল সেন্টারে নতুন ল্যাব উদ্বোধনে উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দিন এবং জকসু সদস্যরা। ছবি: এশিয়া পোস্ট

শিক্ষার্থীদের উন্নত ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মেডিকেল সেন্টারে আধুনিক ল্যাব উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দিন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নেতৃবৃন্দ যৌথভাবে ল্যাবটির উদ্বোধন করেন।

জকসুর উদ্যোগে নতুন ল্যাবে প্রায় ১৩ ধরনের আধুনিক যন্ত্রপাতি যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা মেডিকেল সেন্টারেই বিভিন্ন প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাবেন।

উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, একটি ২১ বছরের বিশ্ববিদ্যালয় দুইজন ডাক্তার দিয়ে চলে-এটা তো হতে পারে না। জকসুর দেওয়া মেশিনগুলো কীভাবে ব্যবহার ও পরিচালনা করা হবে, সে বিষয়ে দ্রুত নীতিমালা করা হবে। পাশাপাশি মেডিকেল সেন্টারে চক্ষু ও ডেন্টাল সেকশন চালুর পরিকল্পনা রয়েছে।

জকসু ভিপি মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, মেডিকেল সেন্টারটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় ছিল। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বর্তমানে দুইজন চিকিৎসক ও তিনজন নার্স নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত চক্ষু ও দাঁতের চিকিৎসাসেবাও চালু হবে।

জকসুর জিএস আব্দুল আলিম আরিফ জানান, নতুন ল্যাবে প্রায় ১৩ ধরনের ইকুইপমেন্ট রয়েছে, যার মাধ্যমে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুযোগ তৈরি হয়েছে। নতুন ল্যাব ও জনবল যুক্ত হওয়ার মাধ্যমে মেডিকেল সেন্টারের দীর্ঘদিনের সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে।