‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় রিকশাচালককে মেরে পুলিশে দিল ছাত্রদল

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ সন্দেহে এক রিকশাচালককে মারধরের পর পুলিশে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তির নাম মোহাম্মদ মনির (২৯)। তার বাড়ি বরগুনায়।
ছাত্রদল সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দিয়ে রিকশায় যাওয়ার সময় ওই যুবক ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফটকের সামনে অবস্থান নেওয়া ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করেন। পরে তাকে মারধর করে রশি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। একপর্যায়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার জানান, নিষিদ্ধ ও পলাতক আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সকাল থেকেই ক্যাম্পাস ও এর আশপাশে অবস্থান করছি। ছাত্রলীগের টোকাইরা অপতৎপরতা চালাচ্ছিল। একজনকে ধরে পুলিশে দেওয়া হয়েছে।
কোতোয়ালি থানার ওসি রবিউল ইসলাম জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ছাত্রলীগ সন্দেহে একজনকে ধরে পুলিশে সোপর্দ করেছে। সে একজন রিকশাচালক। তার বাবা সিএনজিচালক। ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার ব্যাপারে তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে।