হাসপাতালে চুয়েটের উপাচার্য, সুস্থ হয়ে দায়িত্বে ফেরার ঘোষণা

শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। চিকিৎসা শেষে পুনরায় বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনের কথা জানিয়েছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে নিজের শারীরিক অবস্থা ও বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনের বিষয়ে এ কথা জানান উপাচার্য।
এর আগে, গত সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টা থেকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর চুয়েটের প্রশাসনিক ভবনে নিজ কার্যালয় থেকে চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে তাকে ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন অবস্থায় অবরুদ্ধ থাকায় তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন বলে জানান।
নিজের শারীরিক অবস্থা সম্পর্কে অধ্যাপক শেখ শরীফুল আলম বলেন, ‘অসুস্থতার কারণেই আমি ক্যাম্পাস ছেড়েছিলাম। এখনও আমি অসুস্থ এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছি। সুস্থ হয়ে আমি আবারও বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করব, ইনশাআল্লাহ।’
বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে উপাচার্য বলেন, রাষ্ট্র তাকে যে দায়িত্ব দিয়েছে, তা পালন করতেই আমি চট্টগ্রামে এসেছি। বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রম সচল রাখা আমার কাছে গুরুত্বপূর্ণ।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের দ্রুত শ্রেণিকক্ষে ফিরে আসার আহ্বান জানান তিনি। শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন উপাচার্য।
গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। নতুন উপাচার্যের নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। কয়েক সপ্তাহ ধরে চলা এ আন্দোলনে শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও স্টাফ অ্যাসোসিয়েশনও কর্মসূচি পালন করছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
