পরিবাগের ঘটনা নিয়ে ব্যাখ্যা দিলেন ডাকসু নেতা জুবায়ের

রাজধানীর পরিবাগে তৃতীয় লিঙ্গের কয়েকজন মানুষের সঙ্গে বাগ্বিতণ্ডার খণ্ডিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। ভিডিও ব্যবহার করে তার চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে দাবি করে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জুবায়ের বলেন, তার বন্ধু সাংবাদিক সিফাতুল্লাহ তাসনিম পরিবাগ ব্রিজের ওপর তৃতীয় লিঙ্গের কয়েকজন মানুষের বিরুদ্ধে ওঠা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন। বন্ধুর অনুরোধে তিনিও সেখানে যান।
জুবায়েরের দাবি, ঘটনাস্থলে যাওয়ার আগেই তিনি শাহবাগ থানার পুলিশকে বিষয়টি জানিয়েছিলেন এবং সেখানে আসার অনুরোধ করেছিলেন।
ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ওই সাংবাদিক কথা বলতে গেলে সেখানে থাকা ব্যক্তিরা আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং মুঠোফোনে তাদের ভিডিও ধারণ শুরু করেন। একপর্যায়ে তার সাংবাদিক বন্ধুর গায়ে হাত তোলা হয় বলেও অভিযোগ করেন তিনি।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জুবায়ের দাবি করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, পুরো বিষয়টি আগে থেকেই পুলিশ জানত এবং ঘটনার সময় পুলিশও সেখানে উপস্থিত ছিল। কিন্তু ঘটনার একটি অংশের ভিডিও ছড়িয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
জুবায়ের বলেন, ‘একটি মিথ্যা ভিডিও ছড়িয়ে আমার চরিত্রহননের হীন চেষ্টা করা হচ্ছে। আমি এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।’
.png)





