গবেষণামুখী মনন তৈরিতে চবিতে এডুকেশন ক্লাবের যাত্রা

এশিয়া পোস্ট নিউজ, চবি
গবেষণামুখী মনন তৈরিতে চবিতে এডুকেশন ক্লাবের যাত্রা
চবির মেরিন সাইন্স ইন্সটিটিউটের অডিটোরিয়ামে এডুকেশন ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান হয়। ছবি: এশিয়া পোস্ট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থীদের উদ্যোগে চিটাগং ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব (সিইউইসি) গঠন করা হয়েছে। পাঠ্যবইয়ের শিক্ষাকে ব্যবহারিক জীবনে প্রয়োগ, শিক্ষার্থীদের গবেষণামুখী করা, ক্যারিয়ার গাইডলাইন প্রদানের উদ্দেশ্যকে সামনে রেখে যাত্রা শুরু করেছে এই ক্লাব।

Advertisement

বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৯টায় চবির মেরিন সাইন্স ইন্সটিটিউটের অডিটোরিয়ামে এডুকেশন ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে চিটাগং ইউনিভার্সিটি এডুকেশন ক্লাবের (সিইউইসি) উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথিক উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্যানেল সেশন পরিচালনা করেন জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান। সভাপতিত্ব করেন চবির শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক ড. উদিতি দাশ। এ ছাড়া অনুষ্ঠানে চবি প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী, চবির শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষক ও চাকসুর প্রতিনিধিসহ বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নতুন ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের দেশের কল্যাণে আরও বেশি গবেষণামুখী হওয়া প্রয়োজন। কেননা শিক্ষা ও গবেষণার যথাযথ কম্বিনেশনের মাধ্যমেই এই দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। বর্তমানে টেকনোলজির যুগে গবেষণা কাজে প্রযুক্তিকে গুরুত্ব দিতে হবে। কেননা, সবাইকে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের একটা নিজস্ব পার্সোনাল ডোমেইন রয়েছে। এটা সব সময় মেইন্টেইন করতে হবে। আবার গবেষণার ক্ষেত্রে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। একজন শিক্ষকের টার্গেট থাকতে হবে, ক্লাসের পিছিয়ে পড়া শিক্ষার্থীকে একাডেমিক বিষয়ে উৎসাহ প্রদান করে সামনে তুলে আনা। একজন শিক্ষক যখন এটা করতে পারবেন, তখনই তিনি সফল শিক্ষক। শিক্ষার্থীদের মধ্যে যারা গবেষণা করতে চান এবং এই গবেষণা করার জন্য যে সকল লার্নিং টুলসের প্রয়োজন এসব সহায়তা যথাযথভাবে নিশ্চিত করতে পারলেই এই ক্লাবের উদ্যোগ সফল হবে বলে মনে করি।

সভাপতির বক্তব্যে শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক ড. উদিতি দাশ বলেন, আমাদের বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতার কমতি নেই। তারা যথাযথ সুযোগ-সুবিধা পেলে তাদের প্রতিভাকে আরও বিকশিত করতে পারবে। গবেষণাভিত্তিক মনন তৈরির পাশাপাশি যথাযথ মেন্টরিংয়ের মাধ্যমে উচ্চশিক্ষাসহ আন্তর্জাতিক স্কলারশিপগুলোতে একটা টিম পরিচালনা করা, যাতে এই ক্লাবের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা আরও বেশি উপকৃত হতে পারেন।

এডুকেশন ক্লাব পাঠ্যবইয়ের শিক্ষাকে ব্যবহারিক জীবনে প্রয়োগ, শিক্ষার্থীদের গবেষণামুখী করা, ক্যারিয়ার গাইডলাইন প্রদানের উদ্দেশ্যকে সামনে রেখে গঠন করা হয়েছে। ক্লাব পরিচালনায় একটি উপদেষ্টা পর্ষদ ও একটি কার্যনির্বাহী পর্ষদ থাকবে। ক্লাবের সার্বিক কার্যক্রম পরিচালনায় ১৬ পদবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি দায়িত্ব পালন করবে। এ ছাড়া ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পর্ষদ থাকবে।