ফের চালু হচ্ছে রাবি রেলস্টেশন, থামবে তিন ট্রেন

দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে পুনরায় চালু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেলস্টেশন। শুরুতেই পদ্মা এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস ও সাগরদাঁড়ি এক্সপ্রেসের তিনটি ট্রেন রাতে বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রাবিরতি দেবে।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে রেলওয়ে কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান।
মাহবুবুর রহমান বলেন, আইন বিভাগের শিক্ষার্থী ফুরকান আহমেদের ওপর হামলা ও হেনস্তার ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা চার দফা দাবিতে রেললাইন অবরোধ করেন। এসব দাবির অন্যতম ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশন পুনরায় চালু করা। স্টেশন পুনরায় চালুর বিষয়ে বিভাগীয় কমিশনারের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে রেলওয়ে কর্তৃপক্ষের আলোচনার পর তিনটি ট্রেনের স্টপেজ দেওয়ার আশ্বাস দিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। খুব দ্রুত এ সিদ্ধান্ত বাস্তবায়ন হবে।
শিক্ষার্থীদের চার দফার দাবির পরিপ্রেক্ষিতে প্রেস ব্রিফিংয়ে রাকসুর (রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার বলেন, প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে তিনটি ট্রেন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রাবিরতি দেবে। পদ্মা এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস ও সাগরদাঁড়ি এক্সপ্রেসকে ঘিরেই প্রাথমিক আলোচনা হয়েছে। এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে পর্যায়ক্রমে অন্যান্য ট্রেনেরও যাত্রাবিরতি চালু করা হবে।
তিনি আরও বলেন, ট্রেনগুলোর সময়সূচি সমন্বয়সহ কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এসব বিষয় চূড়ান্ত করতে আগামী ৬ আগস্ট আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে। এরপরই আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জানা যায়, যাত্রাপথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফুরকান আহমেদকে রেলওয়ে কর্মচারী (টিটিই) কর্তৃক মারধর ও হেনস্তার অভিযোগে অভিযুক্ত টিটিইর শাস্তি এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেন। এতে প্রায় আট ঘণ্টা রাজশাহীর সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ থাকে। বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে পড়ে এবং শত শত যাত্রী দুর্ভোগে পড়েন।
শিক্ষার্থীদের অবরোধের মুখে জনদুর্ভোগ নিরসনে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষার্থীদের দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলে বিকেল সাড়ে ৩টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করেন। এরপর ট্রেন চলাচল পুনরায় শুরু হলে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
.png)






