জবি ছাত্রদল নেতা শের আলী বহিষ্কার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী, তার ছোট ভাই ও হবু স্ত্রীর ওপর হামলা ও মারধরের অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য শের আলীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদনক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য মো. শের আলীকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে, বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসানান আল আবিত (সাবায়েত) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, গভীর রাতে ক্যাম্পাসে তার ছোট ভাই, হবু স্ত্রী ও ছোট ভাইয়ের এক বন্ধুকে নিয়ে অবস্থানকালে ইংরেজি বিভাগের শিক্ষার্থী শের আলী এবং ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী আবিদ হাসান বাঁধন মোটরসাইকেলে এসে কথা না বলেই হঠাৎ তার ছোট ভাই ও বন্ধুর ওপর হামলা চালান।
অভিযোগে আরও বলা হয়, চিৎকার শুনে আবিত এগিয়ে গেলে শের আলী পাশের একটি চায়ের দোকান থেকে পেরেকযুক্ত কাঠের তক্তা এনে তাকেও এলোপাতাড়ি মারধর করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এ সময় তার হবু স্ত্রীকে মানসিকভাবে হেনস্তা এবং তাকেও আঘাত করার চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
.png)





