Advertisement

শাবিপ্রবিতে নতুন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ

এশিয়া পোস্ট নিউজ, শাবিপ্রবি
শাবিপ্রবিতে নতুন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ
ড. জি এম রবিউল ইসলাম এবং ড. শাহ মোহাম্মদ আতিকুল হক। ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপ-উপাচার্য পদে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মোহাম্মদ আতিকুল হক নিয়োগ পেয়েছেন।

Advertisement

সোমবার (১৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের দুটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন।

উভয় নিয়োগ শর্তে বলা হয়, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদে নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর পর্যন্ত হবে। দুজনেই তার মূল পদের সমপরিমাণ বেতনভাতা পাবেন। বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও উপাচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। সর্বশেষ শর্তে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

এর আগে, অধ্যাপক ড. রবিউল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং অধ্যাপক ড. শাহ মোহাম্মদ আতিকুল হক রির্সাচ সেন্টারের দায়িত্ব পালন করছিলেন।