logo
Advertisement

ইবিতে দলীয় সুপারিশে সিট দেওয়া বন্ধসহ ৮ দাবি শিবিরের

ইবিতে দলীয় সুপারিশে সিট দেওয়া বন্ধসহ ৮ দাবি শিবিরের
ইসলামী বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনে শিবির নেতারা। ছবি: এশিয়া পোস্ট

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলোতে রাজনৈতিক পরিচয়, দলীয় সুপারিশ ও প্রশাসনিক প্রভাবের ভিত্তিতে সিট বরাদ্দ বন্ধসহ আট দফা দাবি জানিয়েছে শাখা ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরে সংগঠনটি।

এসময় শাখা শিবিরের সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি রাশেদুল রাফিস, প্রচার সম্পাদক শোয়াইব আহমেদ এবং আইন সম্পাদক ফরহাদ রেজা ওসামাসহ সংগঠনের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দাবিগুলো হলো— সব আবাসিক হলে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের অপসারণ, মেধা ও জ্যেষ্ঠতাসহ নির্ধারিত নীতিমালা অনুসরণ করে সিট বরাদ্দ, বরাদ্দকৃত সিটের তালিকা প্রকাশ, ক্যাম্পাস ও হলগুলোতে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করে রাজনৈতিক অপচর্চামুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, হলের ডাইনিংয়ে সুষম খাবার ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা এবং সাজিদ আব্দুল্লাহ ও শিক্ষিকা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে শাখা শিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, অধিকাংশ হলে নির্ধারিত সময়ে সিট বরাদ্দ দেওয়া হচ্ছে না। সীমিত পরিসরে যে সিট বরাদ্দ দেওয়া হচ্ছে, সেখানেও বৈষম্য করা হচ্ছে। ছাত্রদলের দেওয়া তালিকা অনুযায়ী সিট বরাদ্দ দেওয়া হচ্ছে। জিয়া হলে এক ছাত্রদল নেতা অবৈধভাবে দীর্ঘদিন ধরে অবস্থান করছে। অন্যান্য হলেও অবৈধভাবে অবস্থান করছে।

তিনি আরও বলেন, আবাসিক হল কোনো রাজনৈতিক দলের অবৈধ প্রভাব বিস্তার কিংবা দলীয় লোকজনকে নিয়মবহির্ভূত আশ্রয় দেওয়ার জায়গা হতে পারে না। হলের সিট একজন শিক্ষার্থীর অধিকার। মেধা, জ্যেষ্ঠতাসহ সব নীতিমালা অনুসরণ করে সেই অধিকার নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। একই সঙ্গে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাও প্রশাসনের দায়িত্ব। আমাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।