পাবিপ্রবির প্রধান ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রধান ফটকে পোস্টার লাগিয়েছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোরে মুখে মাস্ক পরা তিনজন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শেখ মুজিবুর রহমানের ছবিসংবলিত পোস্টার সাঁটিয়ে ছবি তুলে চলে যায়।
ঘটনাটি জানাজানি হওয়ার পর ক্যাম্পাসে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ নিয়ে শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ছাত্রলীগের পাবিপ্রবি শাখার সভাপতি শেহজাদ হাসানের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি প্রথম সামনে আসে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নামফলকের পেছনে পোস্টার সাঁটানোর আলামত পাওয়া যায়। এরপর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সত্যতা নিশ্চিত হয় প্রশাসন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে মুখে মাস্ক পরা তিন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আসেন। তারা ফটকে তিনটি পোস্টার লাগিয়ে দ্রুত কয়েকটি ছবি তুলে স্থান ত্যাগ করেন। জড়িতদের পরিচয় শনাক্তে সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোজাহিদ হোসেন বলেন, আমি সাংগঠনিক কাজে ঢাকায় অবস্থান করছি। নেতাকর্মীদের মাধ্যমে বিষয়টি জেনেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাব।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হৃদয় আলম উল্লাস বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। পাশাপাশি নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম যেন পাবিপ্রবিতে না চলতে পারে, সে বিষয়ে সব ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনার মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান বলেন, আমি বর্তমানে ক্যাম্পাসের বাইরে থাকলেও খবর পাওয়ার পরপরই প্রক্টরিয়াল বডিকে নির্দেশ দিয়েছি, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত যাচাই করে তদন্ত সাপেক্ষে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।



