Advertisement

রুয়েটে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চবি

এশিয়া পোস্ট নিউজ, রুয়েট
রুয়েটে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চবি
ছবি : এশিয়া পোস্ট

শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী চিন্তাচর্চা, সমসাময়িক বিষয়ে বিশ্লেষণী দক্ষতা ও বুদ্ধিবৃত্তিক আদান-প্রদানের লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী ‘রুয়েটডিসি আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’ সম্পন্ন হয়েছে।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বিতর্ক ক্লাবের (রুয়েটডিসি) উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ২৮টি দল অংশ নেয়। ব্রিটিশ পার্লামেন্টারি (বিপি) পদ্ধতিতে অনুষ্ঠিত এ টুর্নামেন্ট তরুণ বিতার্কিকদের যুক্তি ও মননশীলতার মিলনমেলায় পরিণত হয়।

প্রতিযোগিতার প্রথম দিনে (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ ভবনে সকালে নিবন্ধন ও টুর্নামেন্ট ব্রিফিং অনুষ্ঠিত হয়। দিনব্যাপী চারটি প্রাথমিক পর্ব শেষে সন্ধ্যায় সেমিফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনটি বিশ্ব বিশ্ববিদ্যালয় বিতর্ক চ্যাম্পিয়নশিপের (ডব্লিউইউডিসি) নীতিমালা অনুসারে পরিচালিত হয়।

দ্বিতীয় দিন (১ আগস্ট) প্রশাসনিক ভবনের ২১৭ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব। ফাইনালে বিতর্কের বিষয় ছিল— এই সংসদ ‘এশিয়ান স্প্রিং’-এর উত্থানে অনুতপ্ত। এতে তীব্র যুক্তিতর্ক উপস্থাপন করে বিজয়ী হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিতর্ক সংসদের দল ‘সিইউডিএস এ’। চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন মেহরাব মিজান ও ইরফান অপূর্ব।

রানারআপ হওয়ার গৌরব অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্ক সংসদের ‘ডিইউডিএস স্বোপার্জিত স্বাধীনতা’ দল, যার সদস্য ছিলেন আহমেদ রাকিবুল ইসলাম ও ধীমান বিশ্বাস। ফাইনাল পর্বের সেরা বিতার্কিক এবং পুরো টুর্নামেন্টের সেরা বিতার্কিক জোড়া খেতাব অর্জন করেন চ্যাম্পিয়ন দলের সদস্য ইরফান অপূর্ব।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আখতার হোসেন, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েট ডিবেটিং ক্লাবের উপদেষ্টা ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক আজমাইন ইয়াক্বীন সৃজন। এ সময় ক্লাবের সভাপতি মো. তানভির হাসান, সাধারণ সম্পাদক তানজিমুল ইসলাম ও সাদিয়া সিদ্দিকা, ক্লাবের সাবেক নেতৃবৃন্দসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিচারক ও বিতার্কিকরা উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্যে ক্লাবের সভাপতি মো. তানভির হাসান বলেন, যুক্তির চর্চাকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও 'রুয়েটডিসি আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬' আয়োজন করা হয়েছে। অংশগ্রহণকারী সকল দল, শিক্ষক ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় এ আয়োজন সফল হয়েছে। রুয়েট ডিবেটিং ক্লাব ভবিষ্যতেও যুক্তিচর্চার এই ধারাবাহিকতা বজায় রাখবে।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, তরুণদের মুক্তচিন্তা, নেতৃত্ব ও বৈচিত্র্যময় মতের প্রতি শ্রদ্ধাবোধ তৈরিতে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সহমর্মিতার বন্ধন দৃঢ় করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিষয় :রাজশাহী