জাবির প্রশাসনিক ভবনে তালা, অবরুদ্ধ শিক্ষক-কর্মচারী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় আসামিকে গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে প্রক্টর অফিসের পর এবার রেজিস্ট্রার ভবনেও তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় কাউকে ঢুকতে বা বের হতে দেননি তারা।
রোববার (১৭ মে) সকাল থেকে প্রশাসনিক ভবন অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে দুপুর ৩টার পরে তালা ঝুলিয়ে দেয় প্রশাসনিক ভবনের গেটে। এ অবস্থায় বিকেল ৪টায় অফিস টাইম শেষ হলে অবরুদ্ধ হয়ে পড়েন প্রশাসনিক ভবনের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের দেখা যায় গেটের কাছে এসে দাঁড়িয়ে থাকতে।
এর আগে, শনিবার প্রক্টর অফিসে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা এবং প্রক্টর ও ভিসির পদত্যাগের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি প্রশাসনের জবাবদিহি চেয়েছেন শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে উত্তপ্ত আচরণের ঘটনাও ঘটে শিক্ষার্থীদের। এ ঘটনায় একই দিন রাতে ফার্মেসি ডিপার্টমেন্টের অধ্যাপক সোহেল রানাকে প্রধান করে সাত সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে বলা হয় সাত দিনের মধ্যে তদন্ত শেষে এ বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে।
এদিকে এদিন সকাল ১০টায় শহীদ মিনারের পাদদেশে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থীরা উপাচার্যকে ফ্যাসিস্ট বলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন। ওই ঘটনায় ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সম্মুখসারির শিক্ষকের সঙ্গে আন্দোলনের নামে এমন আচরণ ন্যক্কারজনক। এ সময় প্রশাসনের ওপর চাপ প্রয়োগ না করে, তাদের সহযোগিতার আহ্বান জানান তারা।
প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দুপুর পর্যন্ত প্রশাসনের কেউ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেননি। ঘটনার পাঁচ দিন পরেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এত বড় ঘটনার পরও প্রশাসনের গাছাড়া ভাব তাদের ক্ষুব্ধ করেছে। আসামি সম্পর্কে এখনো ন্যূনতম কোনো অগ্রগতির তথ্য তারা পাচ্ছেন না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করতে এবং আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করার দাবিতেই প্রশাসনিক ভবন অবরোধ করা হয়েছে।
এদিকে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনে অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে। তবে আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন।
জাবির রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা সকালে রেজিস্ট্রার ভবনে তালা লাগিয়ে দিয়েছেন। এ সময় ভবনের ভেতরে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান করছিলেন।
এর আগে, গত মঙ্গলবার (১২ মে) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত ফজিলাতুন্নেছা হলসংলগ্ন সড়ক থেকে টেনেহিঁচড়ে এক ছাত্রীকে অন্ধকারে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনায় একজনকে অজ্ঞাতপরিচয় আসামি করে আশুলিয়া থানায় মামলা করে প্রশাসন। ঘটনার পাঁচ দিন পার হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে আসামি।
