ঢাকায় এক্স-রুয়েটিয়ান্সের ‘ডে লং ক্রিকেট টুর্নামেন্ট’ ১১ ডিসেম্বর

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক শিক্ষার্থীদের ক্রিকেটভিত্তিক সংগঠন এক্স-রুয়েটিয়ান্সের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘ডে লং ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’। এটি টুর্নামেন্টের তৃতীয় আসর। আগামী ১১ ডিসেম্বর রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিটে স্বদেশ অ্যারেনায় দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।
আগের দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল টোকিও রিভেঞ্জার্স ও হেলটস। এবার শিরোপার লড়াইয়ে নামবে ছয়টি দল, প্রতিটি দলে থাকবেন ১৫ জন করে খেলোয়াড়। আয়োজনের মূল ভাবনা 'সেম প্যাশন, বিগার টুগেদার' এবং 'টুগেদার উই প্লে স্ট্রঙ্গার'। প্রতিযোগিতার পাশাপাশি রুয়েটিয়ানদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও সৌহার্দ্য আরও দৃঢ় করাও এর অন্যতম লক্ষ্য।
টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে ২৯ অক্টোবর রাতে অনুষ্ঠিত হবে আইকন ও স্পেশাল অলরাউন্ডারদের খসড়া নির্বাচন। ১ থেকে ১০ নভেম্বর চলবে খেলোয়াড় নিবন্ধন, আর ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে খেলোয়াড় নিলাম।
আয়োজকদের তালিকা অনুযায়ী, আইকন প্লেয়ার হিসেবে রয়েছেন রনি (পুরকৌশল '০৭), আশিক (পুরকৌশল '১৩), রাকিব (যন্ত্রকৌশল '০৮), বাবু (নগর ও অঞ্চল পরিকল্পনা '১৮), রেজওয়ান (পুরকৌশল '১১) ও আশরাফুল (যন্ত্রকৌশল '০১)। স্পেশাল অলরাউন্ডার হিসেবে আছেন তুশার (পুরকৌশল '১১), জাফর (সিএসই '১৩), পাভেল (আইপিই '১২), সামি (কেমিক্যাল '১৭), নাঈম (আইপিই '১৮) ও তৌফিক (যন্ত্রকৌশল '১৮)।
মাঠের লড়াইয়ের বাইরেও থাকছে টিম প্রদর্শনী, র্যাফেল ড্র, ফ্যামিলি গেট-টুগেদারসহ বিনোদনের নানা আয়োজন। আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজন সাবেক শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য বাড়ানোর একটি সুযোগ তৈরি করবে।
টুর্নামেন্টের আনুষ্ঠানিক স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে আর্কিটেকচার অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট সলিউশন (এআইএমএস)। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রুয়েটের পুরকৌশল বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী সুদীপ্ত।