নিজ ক্যাম্পাসেই বিয়ে করলেন কুবির দুই শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় জীবনের রঙিন দিনগুলোকে আজীবন স্মরণীয় করে রাখতে এবং অপচয় এড়িয়ে বিয়েকে সহজলভ্য করার বার্তা দিতে ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষার্থী। জীবনের এই বিশেষ মুহূর্তে বন্ধু-বান্ধব, সহপাঠী ও দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের বাঁধনে আবদ্ধ হলেন কুবি শিক্ষার্থী মোহাম্মদ রাহিম ও কাসবিয়া কাশেম।
বর মোহাম্মদ রাহিম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আর কনে কাসবিয়া কাশেম ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর রাহিমের চেয়ে শিক্ষাবর্ষে এক বছরের জ্যেষ্ঠ কাসবিয়া।
বিয়ের আগের দিন কাজী নজরুল ইসলাম হলে কাওয়ালি সন্ধ্যা ও কেক কাটার আয়োজন করা হয়। এরপর শুক্রবার (১৬ অক্টোবর) আসরের নামাজের পর দুই পরিবারের সম্মতি ও উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের বিষয়ে মোহাম্মদ রাহিম বলেন, বিশ্ববিদ্যালয়জীবনকে স্মরণীয় করে রাখতে এবং বিয়েকে সহজলভ্য করে তুলতে আমরা এখানে বিয়ে করেছি। দুই পরিবারের সম্মতি ও উপস্থিতিতে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।